জ্বালানি তেলের দাম বাড়ল, অকটেন ১৪০, পেট্রোল ১৩৫ টাকা
২০ এপ্রিল ২০২৬, ৯:৪৫ পূর্বাহ্ণ
জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে অভ্যন্তরীণ নৌপথে লঞ্চের ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা। সংগঠনটি যাত্রীভাড়া সর্বোচ্চ ৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে।
রোববার (১৯ এপ্রিল) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-এর চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে এ প্রস্তাব দেওয়া হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি বদিউজ্জামান বাদলের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ১৮ এপ্রিল সরকার ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করেছে। এতে লঞ্চ পরিচালনার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, শুধু জ্বালানি নয়-প্লেট, এল, প্রপেলার, ইঞ্জিনের খুচরা যন্ত্রাংশ, ফুয়েলিং রড, গ্যাস, রংসহ বিভিন্ন উপকরণের দামও বেড়েছে। সব মিলিয়ে পরিচালন ব্যয় প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
সংগঠনের প্রস্তাব অনুযায়ী, ১০০ কিলোমিটার পর্যন্ত যাত্রায় প্রতি কিলোমিটার ভাড়া ১ টাকা বাড়িয়ে ৩ টাকা ৭৭ পয়সা নির্ধারণের সুপারিশ করা হয়েছে, যা প্রায় ৩৬ শতাংশ বেশি। আর ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটার ভাড়া ১ টাকা বাড়িয়ে ৩ টাকা ৩৮ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়েছে, যা প্রায় ৪২ শতাংশ বেশি। এছাড়া সর্বনিম্ন ভাড়া ২৯ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করার অনুরোধ জানানো হয়েছে।
বর্তমানে নৌপথে ভাড়া নির্ধারণ ও নিয়ন্ত্রণ করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ। তাদের অনুমোদিত ভাড়ার তালিকা সব নদীবন্দর, টার্মিনাল, ঘাট ও নৌযানে দৃশ্যমান রাখার নির্দেশনা রয়েছে।
চিঠিতে আরও বলা হয়, সড়ক যোগাযোগব্যবস্থার উন্নতির কারণে অনেক যাত্রী এখন সড়কপথে যাতায়াত করছেন। ফলে নৌপথে যাত্রীসংখ্যা কমে গেছে। ধারণক্ষমতা অনুযায়ী যাত্রী না পাওয়ায় লঞ্চমালিকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। এ অবস্থায় ভাড়া সমন্বয় না করলে লঞ্চ ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে বলে দাবি করেছেন তারা।
সংগঠনটির মহাসচিব সিদ্দিকুর রহমান জানান, জ্বালানির দাম বাড়ার ফলে প্রতিটি যাত্রায় অতিরিক্ত প্রায় ২১ হাজার টাকা ব্যয় বাড়ছে। ঢাকা থেকে বরিশাল রুটে একটি লঞ্চ পরিচালনায় ৬ থেকে ৭ হাজার লিটার ডিজেল প্রয়োজন হয়। লিটারপ্রতি ১৫ টাকা বাড়ায় মোট ব্যয় প্রায় ১ লাখ ৫ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে। এদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-এর পরিচালক সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, জ্বালানির দাম সম্প্রতি বেড়েছে। বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ভাড়া বাড়ানো হবে কি না, সে বিষয়ে এখনই চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না।