প্রশাসনিক রদবদল • ডিএমপিতে তিন এসির পদায়ন, নতুন দায়িত্ব পেলেন যারা
২৮ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ণ
মিস ইউনিভার্সের ৭৫তম আসরে মূল মুকুট জয়ের দৌড়ে শেষ পর্যন্ত সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। তবে চূড়ান্ত ফলাফলে প্রত্যাশিত অবস্থান না পেলেও দর্শকদের ভোটে একাধিক সাফল্য অর্জন করে আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করেছেন এই মডেল ও অভিনেত্রী।
প্রতিযোগিতার সুইমস্যুট ও ইভনিং গাউন দুই বিভাগেই পাবলিক ফ্যান ভোটিংয়ে বিজয়ী হয়েছেন বাংলাদেশের এই প্রতিনিধি। শুধু তাই নয়, ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হওয়ার স্বীকৃতিও পেয়েছেন তিনি। ফলে মূল প্রতিযোগিতায় এগোতে না পারলেও বিশেষ স্বীকৃতিতে আলোচনায় এসেছেন মাহি।
সুইমস্যুট পর্বে মাহির উপস্থিতি ছিল বেশ ব্যতিক্রমী। প্রচলিত বিকিনি পোশাকের পরিবর্তে পুরো শরীর ঢাকা নীল রঙের আকর্ষণীয় পোশাক পরে মঞ্চে হাজির হন তিনি। পোশাকের সঙ্গে পেছনে ছড়িয়ে থাকা দীর্ঘ নীল কাপড় তাঁর পরিবেশনায় যোগ করে ভিন্ন মাত্রা। আত্মবিশ্বাসী উপস্থাপনা ও অভিনব সাজ সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসা কুড়ায়। শেষ পর্যন্ত দর্শকদের ভোটেও এই পর্বে সেরার স্বীকৃতি পান তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের অর্জনের খবর জানান মাহি। সেখানে তিনি উল্লেখ করেন, সুইমস্যুট ও ইভনিং গাউন উভয় বিভাগেই পাবলিক ফ্যান ভোটিংয়ে জয় পেয়েছে বাংলাদেশ। পাশাপাশি ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হওয়ার অর্জনও ভাগ করে নেন তিনি।
এই স্বীকৃতিকে কেবল নিজের অর্জন হিসেবে দেখছেন না মাহি। বরং বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারাটাকেই বড় প্রাপ্তি মনে করছেন তিনি। আরেকটি পোস্টে বিশেষ পুরস্কারের তালিকায় বাংলাদেশের নামের পাশে নিজের নাম দেখে কৃতজ্ঞতা প্রকাশ করেন এই মডেল।
পুরো প্রতিযোগিতায় সমর্থকদের ভালোবাসা, দোয়া ও উৎসাহ তাঁকে সাহস জুগিয়েছে বলে জানান মাহি। প্রতিটি মুহূর্তে হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে এগিয়ে যাওয়ার কথাও তুলে ধরেন তিনি। তাঁর কাছে দর্শকদের এই ভালোবাসা ও সমর্থনই হয়ে উঠেছে মিস ইউনিভার্সের মঞ্চে পাওয়া অন্যতম বড় অর্জন।