বড় অর্জন • নায়িকা থেকে প্রযোজক, নতুন পরিচয়ে আলোচনায় শবনম বুবলী
২৫ নভেম্বর ২০২৬, ৩:০৬ অপরাহ্ণ
মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করলেও সেরা ৩০ এ জায়গা করে নিতে পারেননি সামিরা খান মাহি। প্রত্যাশিত ফল অর্জন করতে না পারায় হতাশা প্রকাশের পাশাপাশি দেশবাসীর ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে নিজের অনুভূতির কথা তুলে ধরেছেন এই প্রতিযোগী।
পোস্টে মাহি জানান, তাকে ঘিরে দেশের মানুষের অনেক প্রত্যাশা ছিল। তার জন্য অসংখ্য মানুষ দোয়া করেছেন, ভোট দিয়েছেন এবং প্রতিযোগিতার পুরো সময় পাশে থেকেছেন। বাংলাদেশের নাম আন্তর্জাতিক মঞ্চে আরও উজ্জ্বল করার স্বপ্ন ছিল তার নিজেরও। কিন্তু সেই প্রত্যাশা পূরণ করতে না পারায় আক্ষেপ প্রকাশ করেছেন তিনি।
নিজের সর্বোচ্চ চেষ্টা করার কথা উল্লেখ করে মাহি বলেন, দেশের মানুষের ভালোবাসা ও বিশ্বাসের মর্যাদা রাখতে তিনি কোনো কমতি রাখেননি। তবুও কাঙ্ক্ষিত ফল না আসায় সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। প্রতিযোগিতার সময় যারা দিনরাত তার পাশে ছিলেন, তাদের অবদান কখনো ভুলবেন না বলেও জানিয়েছেন তিনি।
তবে এই ব্যর্থতাকে জীবনের শেষ হিসেবে দেখছেন না মাহি। তার মতে, সব প্রচেষ্টার ফল প্রত্যাশা অনুযায়ী না এলেও প্রতিটি অভিজ্ঞতার আলাদা মূল্য রয়েছে। প্রতিযোগিতায় কাঙ্ক্ষিত অবস্থান অর্জন করতে না পারলেও দেশবাসীর কাছ থেকে পাওয়া ভালোবাসাকে যেকোনো পুরস্কারের চেয়ে বড় অর্জন হিসেবে দেখছেন তিনি।
বার্তার শেষাংশে বাংলাদেশের প্রতি নিজের ভালোবাসা ও গর্বের কথা তুলে ধরেন এই প্রতিযোগী। দেশের মানুষের সমর্থন সঙ্গে নিয়েই ভবিষ্যতে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, ২০১৯ সালে প্রথমবারের মতো মিস ইউনিভার্সে অংশ নেয় বাংলাদেশ। সে বছর দেশের প্রতিনিধি ছিলেন শিরিন আক্তার শিলা। এরপর ২০২৪ সালে অনিকা আলম প্রতিযোগিতায় অংশ নেন। গত বছর তানজিয়া জামান মিথিলা প্রথমবারের মতো বাংলাদেশকে সেরা ৩০ এ জায়গা করে দেন। এবার সেই সাফল্যের পুনরাবৃত্তির প্রত্যাশা ছিল সামিরা খান মাহিকে ঘিরে। তবে সেরা ৩০ এর তালিকায় জায়গা না হওয়ায় সেমিফাইনালের প্রাথমিক বাছাইপর্বেই শেষ হয়েছে তার মিস ইউনিভার্স যাত্রা।