নেতৃত্বের পালাবদল • ডিএমপির এসআরইউ প্রধান হলেন ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী
২৪ নভেম্বর ২০২৬, ১:২৬ অপরাহ্ণ
দেশের বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে আকস্মিক অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।
হাসপাতালের মৃত্যুসনদে তার মৃত্যুর কারণ হিসেবে কার্ডিয়াক অ্যারেস্টের কথা উল্লেখ করা হয়েছে। অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।
জানা গেছে, "নসিব" সিনেমার শুটিংয়ে অংশ নিতে গত ১৯ নভেম্বর থেকে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। বুধবার (২৫ নভেম্বর) তার শুটিংয়ের কাজ শেষ হওয়ার কথা ছিল। মঙ্গলবার সকালে মেকআপ নিয়ে শুটিংয়ের প্রস্তুতিও সম্পন্ন করেছিলেন তিনি।
শুটিং ইউনিটের একজন সদস্য তাকে ডাকতে হোটেলের কক্ষে গিয়ে বিছানায় নিথর অবস্থায় দেখতে পান। কয়েকবার ডাকাডাকি করেও সাড়া না পেয়ে বিষয়টি অন্যদের জানান। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে পর্দায় যাত্রা শুরু হয়েছিল সোহেল খানের। মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের একটি বিজ্ঞাপনে কাজ করার পর ফারুকীর রাজনৈতিক ব্যঙ্গধর্মী ধারাবাহিক "৪২০" এ অভিনয় করে দর্শকমহলে পরিচিতি পান তিনি। ২০০৭ সালে প্রচারিত ওই ধারাবাহিকে তার সঙ্গে অভিনয় করেছিলেন মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, লুৎফর রহমান জর্জ ও মারজুক রাসেল।
পরবর্তী সময়ে অসংখ্য নাটক, টেলিছবি ও ধারাবাহিকে অভিনয় করে নিজের অবস্থান তৈরি করেন এই অভিনেতা। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে "এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি", "ভালোবাসার যৌথ খামার" ও "নিমন্ত্রণ রইল সবার"। শেষের টেলিছবিতে বাবার চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি।
শুধু টেলিভিশন নয়, চলচ্চিত্রেও ছিল তার বিচরণ। হুমায়ূন আহমেদের "নয় নম্বর বিপদ সংকেত", "দারুচিনি দ্বীপ","কমন জেন্ডার","বীর","শান" ও "দেশা: দ্য লিডার" এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। সর্বশেষ ২০২৫ সালের ঈদে মুক্তি পাওয়া "জংলি" সিনেমায় গ্যারেজের মালিক চরিত্রে দেখা যায় তাকে।
ঢাকার ধামরাইয়ের রাজাপুরে অভিনেতার পৈতৃক বাড়ি। অভিনয়ের পাশাপাশি সিনেমা নিয়ে তার ছিল বিশেষ স্বপ্ন। "জংলি" মুক্তির পর এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, সংস্কৃতিচর্চার সুযোগ রয়েছে এমন কোনো মফস্সল শহরে একটি সিনেমা হল নির্মাণ করতে চান। তার সেই স্বপ্ন আর পূরণ হলো না।
সোহেল খানের আকস্মিক মৃত্যুতে শোকাহত সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও দেশের বিনোদন অঙ্গনের মানুষ।