বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
কাটার ঝড় •

দ্বিতীয় ম্যাচেই মোস্তাফিজের দুর্দান্ত প্রত্যাবর্তন, ১২ রানে ২ উইকেট


ইন্টারন্যাশনাল টি-টুয়েন্টি লিগে দ্বিতীয় ম্যাচেই দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন মোস্তাফিজুর রহমান। ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে ১২ রানে দুটি উইকেট নিয়ে দুবাই ক্যাপিটালসের ৪৫ রানের জয়ে অবদান রাখেন তিনি। এ ম্যাচে স্বীকৃত টি-টুয়েন্টিতে তাঁর উইকেটসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৫ এ, ছাড়িয়ে গেছেন অ্যাডাম জাম্পাকে।

২৬ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ণ 

দ্বিতীয় ম্যাচেই মোস্তাফিজের দুর্দান্ত প্রত্যাবর্তন, ১২ রানে ২ উইকেট
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ইন্টারন্যাশনাল টি-টুয়েন্টি লিগে প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণ করতে পারেননি বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। তবে হতাশার সেই ম্যাচের পর দ্বিতীয়বার মাঠে নেমেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে মাত্র ১২ রান খরচায় দুটি উইকেট শিকার করে দলকে জয়ের পথে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই বাঁহাতি পেসার।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে "ইমপ্যাক্ট সাব" হিসেবে খেলতে নামেন মোস্তাফিজ। তাঁর দল দুবাই ক্যাপিটালস প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে মোস্তাফিজদের বোলিং তোপে ১৩ বল হাতে রেখেই মাত্র ১১৯ রানে অলআউট হয়ে যায় ডেজার্ট ভাইপার্স। ফলে ৪৫ রানের বড় জয় পায় দুবাই ক্যাপিটালস।

বল হাতে নিজের প্রথম ওভারেই সাফল্যের দেখা পান মোস্তাফিজ। ইনিংসের পঞ্চম ওভারে মাত্র ৬ রান দিয়ে সাজঘরে ফেরান পাকিস্তানের ওপেনার ফখর জামানকে। তাঁর করা ধীরগতির বলে পয়েন্টে ক্যাচ তুলে দেন এই ব্যাটার।

এরপর দ্বিতীয় শিকার হিসেবে মুজিব উর রহমানকে আউট করেন বাংলাদেশের এই তারকা পেসার। সব মিলিয়ে ২.৫ ওভার বল করে ১২ রান খরচায় দুটি উইকেট তুলে নেন তিনি।

মোস্তাফিজের পাশাপাশি দুবাই ক্যাপিটালসের জয়ে বড় ভূমিকা রেখেছেন আফগান স্পিনার নূর আহমেদ। চার ওভারে মাত্র ২০ রান দিয়ে চারটি উইকেট শিকার করেন তিনি। এছাড়া হাসান খান ও দুশমন্ত চামিরা দুটি করে উইকেট নেন।

এদিকে স্বীকৃত টি-টুয়েন্টি ক্রিকেটে উইকেটের সংখ্যায়ও নতুন মাইলফলক স্পর্শ করেছেন মোস্তাফিজ। ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে দুই উইকেট পাওয়ার মধ্য দিয়ে তাঁর মোট উইকেটসংখ্যা দাঁড়িয়েছে ৪২৫ এ। এর ফলে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় অ্যাডাম জাম্পাকে পেছনে ফেলেছেন তিনি। তবে এখনো সেরা দশে জায়গা করে নিতে পারেননি বাংলাদেশের এই পেসার।

এই তালিকায় বাংলাদেশের আরেক তারকা সাকিব আল হাসান রয়েছেন ষষ্ঠ অবস্থানে। তাঁর নামের পাশে রয়েছে ৫২৫টি উইকেট।

টুর্নামেন্টে দুবাই ক্যাপিটালসের এটি প্রথম জয়। এর আগে নিজেদের উদ্বোধনী ম্যাচে আবুধাবি নাইট রাইডার্সের কাছে ৫৫ রানে পরাজিত হয়েছিল দলটি। আগামীকাল শারজা ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নামবে মোস্তাফিজের দল। দ্বিতীয় ম্যাচের সাফল্য ধরে রাখাই এখন তাদের লক্ষ্য।