ডিএমপির অভিযান • মিরপুরে সর্বোচ্চ গ্রেফতার, ডিএমপির জালে ৫২১ জন
২৫ নভেম্বর ২০২৬, ১:৪৬ অপরাহ্ণ
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে আগ্রহ থাকলেও বড় ধাক্কা খেলেন মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠেয় নিলামের জন্য প্রকাশিত খেলোয়াড়দের প্রাথমিক তালিকায় জায়গা হয়নি এই দুই তারকার। ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকইনফো ও ক্রিকবাজ এ তথ্য জানিয়েছে।
মোস্তাফিজ ও সাকিবের নাম না থাকলেও এবারের নিলামের জন্য নিবন্ধন করেছেন বাংলাদেশের ১২ জন ক্রিকেটার। তারা হলেন হাসান মাহমুদ, পারভেজ হোসেন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, মেহেদী হাসান, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান, তাওহীদ হৃদয়, মো. রুবেল ও তাসকিন আহমেদ।
এর আগে চলতি বছরের আইপিএলকে কেন্দ্র করেও আলোচনায় ছিলেন মোস্তাফিজ। নিলামের মাধ্যমে তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কিন্তু পরবর্তী সময়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশনার পর ফ্র্যাঞ্চাইজিটি তাকে ছেড়ে দিতে বাধ্য হয়।
ওই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে নতুন করে আলোচনা তৈরি হয়। নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু সরিয়ে নেওয়ার দাবি জানায় বাংলাদেশ। শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশগ্রহণ থেকেও সরে দাঁড়ায় বাংলাদেশ দল।
এবারের আইপিএল নিলামের প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছেন মোট ১ হাজার ২২০ জন ক্রিকেটার। তাদের মধ্যে ভারতীয় ৯৩৯ জন এবং বিদেশি ২৮১ জন। নিলাম থেকে সব ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে সর্বোচ্চ ৬৬ জন ক্রিকেটারকে দলে নেওয়া যাবে। এর মধ্যে বিদেশি খেলোয়াড়দের জন্য বরাদ্দ রয়েছে ২৫টি জায়গা।
প্রাথমিক তালিকায় নাম না থাকায় এবারের আইপিএলে মোস্তাফিজ ও সাকিবের খেলার সম্ভাবনা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।