রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

দেড় ঘণ্টায় তিন ভূমিকম্প, কেঁপেছে বাংলাদেশের বিভিন্ন এলাকা


মাত্র ৭৫ মিনিটের ব্যবধানে ভারত ও মিয়ানমার সীমান্তসংলগ্ন এলাকায় তিনটি ভূমিকম্প হয়েছে। শনিবার মধ্যরাতের পর পরপর এসব কম্পন অনুভূত হয় চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন এলাকায়। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

৪ অক্টোবর ২০২৬, ৯:৪৪ পূর্বাহ্ণ 

দেড় ঘণ্টায় তিন ভূমিকম্প, কেঁপেছে বাংলাদেশের বিভিন্ন এলাকা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১২ মিনিট থেকে রাত ১টা ২৭ মিনিটের মধ্যে তিন দফা ভূমিকম্পে কেঁপে ওঠে ভারত ও মিয়ানমার সীমান্তবর্তী অঞ্চল।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটি অনুভূত হয় রাত ১২টা ১২ মিনিটে। মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের কাছাকাছি এলাকায় সংঘটিত ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৯। এর মাত্র এক মিনিট পর, রাত ১২টা ১৩ মিনিটে ভারতের মিজোরাম রাজ্যের লুংলেই এলাকায় ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। বাংলাদেশ-ভারত সীমান্তসংলগ্ন ওই ভূমিকম্পের কম্পনও দেশের কয়েকটি এলাকায় অনুভূত হয়েছে। এরপর রাত ১টা ২৭ মিনিটে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা এলাকায় ৩ দশমিক ৮ মাত্রার তৃতীয় ভূমিকম্পটি আঘাত হানে। এর কম্পনও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

পরপর তিনটি ভূমিকম্পের ঘটনায় বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেকেই ঘরবাড়ি থেকে বেরিয়ে আসেন বলে স্থানীয়ভাবে খবর পাওয়া গেছে। তবে ভূমিকম্পগুলোর কারণে এখন পর্যন্ত কোনো প্রাণহানি, আহত হওয়া কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পগুলোর মধ্যে প্রথম দুটি তুলনামূলকভাবে শক্তিশালী হওয়ায় সীমান্তবর্তী অঞ্চলসহ বাংলাদেশের পূর্ব ও মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়।