জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৫০ অপরাহ্ণ
জুলাই জাতীয় সনদে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে এ স্বাক্ষর সম্পন্ন হয়।
এনসিপির পক্ষে সনদে স্বাক্ষর করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি প্রফেসর আলী রীয়াজ, কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
স্বাক্ষর অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, ‘এনসিপি এই সনদে স্বাক্ষর করবে বলেই জাতির বিশ্বাস ছিল। আজকে সেই বিশ্বাস পূর্ণতা পেল, জুলাই জাতীয় সনদ পূর্ণতা পেল। এনসিপিকে ধন্যবাদ এই মহতি কাজে অংশগ্রহণের জন্য।’
তিনি আরও বলেন, এই দলিল যেন নতুন বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখে, সে জন্য সবাইকে প্রতিটি মুহূর্তে সচেতন থাকতে হবে।
প্রধান উপদেষ্টা জানান, আগামীকাল নতুন সংসদের সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। তিনি সকলের আগামীর দিনগুলো শুভ হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দলের নির্বাচিত সংসদ সদস্যরা আগামীকাল শপথ গ্রহণ করবেন। ‘আমরা একই সঙ্গে দুটি শপথ নিতে যাচ্ছি। দেশের মানুষ আমাদের ওপর যে আস্থা রেখেছে, আমরা তা বাস্তবায়ন করবো,’- বলেন তিনি।
নাহিদ ইসলাম আরও উল্লেখ করেন, জুলাই সনদে সবার শেষে স্বাক্ষর করলেও সনদ বাস্তবায়নের প্রশ্নে এনসিপি ছিল সর্বোচ্চ তৎপর। স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপির প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন মনিরা শারমিন, সারওয়ার তুষার, জাভেদ রাসিন ও জহিরুল ইসলাম।