মানবিক আহ্বান • "মানুষ, তুমি মানুষ হও, মানবিক হও" শিল্পপতি ও ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে শাহিনের বিবেকের আহ্বান
১৭ নভেম্বর ২০২৬, ৫:৫৩ অপরাহ্ণ
ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরানো এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে অননুমোদিত হুটার, উচ্চ শব্দের হাইড্রোলিক হর্ন ও বিকন লাইটের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে এসব সরঞ্জাম ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন যানবাহনে নিয়মবহির্ভূতভাবে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করা হচ্ছে। এসব সরঞ্জামের অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত ব্যবহার একদিকে শব্দদূষণ বাড়াচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি সৃষ্টি করছে। পাশাপাশি সড়কে স্বাভাবিক যান চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনাও ব্যাহত হচ্ছে।
বিশেষ করে উচ্চ শব্দের কারণে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ অবস্থায় ১ ডিসেম্বর থেকে অভিযান শুরুর আগেই সংশ্লিষ্ট যানবাহন থেকে সব ধরনের অননুমোদিত হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট খুলে ফেলার জন্য মালিক ও চালকদের প্রতি আহ্বান জানিয়েছে ডিএমপি।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নির্ধারিত সময়ের পর কোনো যানবাহনে এসব সরঞ্জাম সংযোজন বা ব্যবহার করতে দেখা গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা, শব্দদূষণ কমানো এবং জনসাধারণের স্বস্তিদায়ক চলাচল নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ অভিযান সফল করতে নগরবাসী, যানবাহনের মালিক ও চালকদের সহযোগিতা চেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।