বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সারা দেশে দোকান ও শপিং মল বন্ধ


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকাসহ সারা দেশের সব দোকান, বাণিজ্যবিতান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

৮ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১৮ অপরাহ্ণ 

নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সারা দেশে দোকান ও শপিং মল বন্ধ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকাসহ সারা দেশের সব দোকান, বাণিজ্যবিতান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ সিদ্ধান্তের কথা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং ভোটাধিকার প্রয়োগে সুবিধা দিতে সরকারের সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী বুধ ও বৃহস্পতিবার সারা দেশে দোকান, বাণিজ্যবিতান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে নির্বাচনকে ঘিরে শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্যও একাধিক দিনের ছুটির ব্যবস্থা করা হয়েছে। শিল্পকারখানার শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সাধারণ ছুটি ঘোষণা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। ফলে শিল্পাঞ্চলের শ্রমিকরা টানা তিন দিন- ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি ছুটি ভোগ করবেন।

উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি এমনিতেই সাধারণ ছুটি থাকে। এর পরের দুই দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় নির্বাচন উপলক্ষে টানা কয়েক দিনের ছুটির সুযোগ সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এই সিদ্ধান্তের ফলে ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাওয়ার সুযোগ বাড়বে এবং নির্বাচনে জনসম্পৃক্ততা আরও জোরদার হবে।