পরীমনির ক্ষোভ • এআই দিয়ে আপত্তিকর ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ পরীমনি, চাইলেন বিচার
১৮ অক্টোবর ২০২৬, ৫:০৯ অপরাহ্ণ
মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পু যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেছেন আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। রোববার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধান।
তবে ইনফান্তিনোর এই অবস্থানকে আনুষ্ঠানিক বাংলাদেশ সফর হিসেবে দেখা হচ্ছে না। মরক্কো থেকে থিম্পুতে সরাসরি ফ্লাইট না থাকায় ঢাকাকে যাত্রাবিরতির স্থান হিসেবে বেছে নিয়েছেন তিনি।
বিমানবন্দরে ইনফান্তিনোকে স্বাগত জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। এ সময় দুজনের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়। বাফুফের কয়েকজন কর্মকর্তাও সেখানে উপস্থিত ছিলেন।
ফিফা সভাপতির সংক্ষিপ্ত এই অবস্থানকে ঘিরে দেশের ফুটবলাঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে। তবে এখন পর্যন্ত তাঁর ঢাকায় অবস্থানকালে বাংলাদেশের ফুটবল নিয়ে কোনো আনুষ্ঠানিক বৈঠক কিংবা বিশেষ কর্মসূচির তথ্য পাওয়া যায়নি।
এর আগে চলতি মাসের শুরুতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ফিফা আসিয়ান কাপ চলাকালে ইনফান্তিনোর সঙ্গে বৈঠক করেন তাবিথ আউয়াল। ওই আলোচনায় বাংলাদেশের পুরুষ ও নারী ফুটবলের অগ্রগতি, বয়সভিত্তিক প্রতিযোগিতা এবং দেশের ফুটবলের সামগ্রিক উন্নয়ন নিয়ে কথা হয়। পাশাপাশি ফিফার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় বাংলাদেশের জন্য সহযোগিতা অব্যাহত রাখার বিষয়টিও গুরুত্ব পায়।
ফিফার সহায়তায় বাংলাদেশে ফুটবলের অবকাঠামো উন্নয়ন, কোচ ও রেফারি তৈরি এবং বিভিন্ন পর্যায়ে খেলাটির প্রসারে কার্যক্রম পরিচালিত হচ্ছে। সে বিবেচনায় আনুষ্ঠানিক কোনো কর্মসূচি না থাকলেও ফিফা সভাপতির ঢাকায় আগমন বাফুফের সঙ্গে সংস্থাটির সম্পর্কের প্রেক্ষাপটে গুরুত্ব পাচ্ছে।
এদিকে, আগামী বছরের মার্চে অনুষ্ঠিতব্য ফিফা সভাপতি নির্বাচনে তৃতীয় মেয়াদে দায়িত্ব পেতে প্রার্থী হয়েছেন ইনফান্তিনো। তাঁর এই সংক্ষিপ্ত যাত্রাবিরতিকে ঘিরে তাই ফুটবলসংশ্লিষ্ট মহলে নানা আলোচনা চলছে। তবে ঢাকায় তাঁর অবস্থান নির্বাচনী প্রচারণার অংশ কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।