পরীমনির ক্ষোভ • এআই দিয়ে আপত্তিকর ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ পরীমনি, চাইলেন বিচার
১৯ অক্টোবর ২০২৬, ২:১৪ অপরাহ্ণ
দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশ্মিকা মান্দানার প্রেম থেকে বিয়ের গল্প নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। এবার নিজেদের সম্পর্কের এক মজার অধ্যায় সামনে আনলেন এই নবদম্পতি। রাশ্মিকা জানিয়েছেন, বিজয়কে বিয়েতে রাজি করানোর জন্য তাঁকে প্রায় এক বছর ধরে বোঝানোর চেষ্টা করেছিলেন তিনি।
করণ জোহরের আলোচিত টক শো "কফি উইথ করণ" এর নবম সিজনের একটি পর্বে অতিথি হিসেবে হাজির হয়েছেন বিজয় ও রাশ্মিকা। অনুষ্ঠানের প্রকাশিত ট্রেলারে তাঁদের ব্যক্তিগত জীবনের নানা মজার ঘটনা উঠে এসেছে। সেখানেই বিয়ের প্রস্তাব দেওয়ার প্রসঙ্গটি সামনে আসে।
অনুষ্ঠানে করণ জোহর বিজয়ের কাছে জানতে চান, তিনিই কি প্রথম রাশ্মিকাকে বিয়ের কথা বলেছিলেন? প্রশ্নের উত্তরে রাশ্মিকা মাথা নেড়ে অসম্মতি জানান। এরপর বিজয় মজার ছলে বলেন, বিয়ের প্রস্তাবটি প্রথমে রাশ্মিকাই দিয়েছিলেন। এমনকি তাঁর দাবি, একই কথা নাকি অন্তত ১০০ বার শুনতে হয়েছে তাঁকে।
বিজয়ের এমন মন্তব্যের পর করণ সরাসরি রাশ্মিকার কাছে বিষয়টি জানতে চান। জবাবে অভিনেত্রী জানান, তিনি প্রায় এক বছর ধরে বিজয়কে বিয়ের বিষয়ে বোঝানোর চেষ্টা করেছেন। তাঁর এই স্বীকারোক্তিতে অনুষ্ঠানের সঞ্চালকও বিস্ময় প্রকাশ করেন।
পরিস্থিতি আরও মজার করে তোলেন বিজয়। রাশ্মিকার কথায় রাজি হতে সময় নেওয়ার ব্যাখ্যায় তিনি জানান, বিষয়টি নিয়ে তাড়াহুড়ো না করে পরিস্থিতি বুঝতে চেয়েছিলেন। তাঁদের কথোপকথনে উঠে আসে দাম্পত্য জীবনের খুনসুটিও।
শুধু বিয়ের গল্প নয়, অনুষ্ঠানের অন্য অংশেও একে অপরকে নিয়ে মজার মন্তব্য করেছেন এই তারকা জুটি। র্যাপিড-ফায়ার পর্বে রাশ্মিকাকে আল্লু অর্জুন ও রণবীর কাপুরের মধ্যে একজনকে বেছে নিতে বলা হলে তিনি আল্লু অর্জুনের নাম নেন। অন্যদিকে, রাশ্মিকা ছাড়া আর কোন অভিনেত্রীর সঙ্গে বিজয়ের পর্দার রসায়ন ভালো এমন প্রশ্নের উত্তর দেওয়ার আগেই রাশ্মিকা মজা করে বলেন, অন্য কারও সঙ্গেই নয়। বিজয়ও হাসতে হাসতে স্ত্রীর কথায় সায় দিয়ে সংসার জীবনে স্ত্রীর সঙ্গে একমত থাকার নিয়মের কথা তুলে ধরেন।
২০১৮ সালে "গীত গোবিন্দম" সিনেমায় প্রথম একসঙ্গে অভিনয় করেন বিজয় ও রাশ্মিকা। পরের বছর "ডিয়ার কমরেড" ছবিতেও তাঁদের জুটি দর্শকের প্রশংসা পায়। পর্দার এই রসায়ন থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা শুরু হয়। তবে দীর্ঘদিন নিজেদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা বলেননি তাঁরা।
অবশেষে চলতি বছরের ফেব্রুয়ারিতে তেলেগু ও কোডাভা ঐতিহ্য অনুসরণ করে বিয়ে করেন এই দুই তারকা। বাস্তব জীবনের পাশাপাশি পর্দাতেও আবার একসঙ্গে দেখা যাচ্ছে তাঁদের। রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত পিরিয়ড অ্যাকশন ড্রামা "রণবলী"তে অভিনয় করেছেন তাঁরা। ছবিটি ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
বিয়ের পেছনের অজানা গল্প আর দাম্পত্য জীবনের মজার মুহূর্তগুলো প্রকাশ্যে আসায় বিজয়-রাশ্মিকার ভক্তদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।