বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

শবেবরাতকে আল্লাহর রহমত লাভের সুযোগ হিসেবে গ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের


পবিত্র শবেবরাতকে আল্লাহর রহমত ও মাগফিরাত লাভের এক অনন্য সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা এবং মানব কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

২ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৫৯ অপরাহ্ণ 

শবেবরাতকে আল্লাহর রহমত লাভের সুযোগ হিসেবে গ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

পবিত্র শবেবরাত উপলক্ষে এক বাণীতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি এই আহ্বান জানান। সোমবার (২ ফেব্রুয়ারি) দেওয়া ওই বাণীতে তিনি বলেন, আগামীকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে পালিত হবে পবিত্র শবেবরাত।

তিনি উল্লেখ করেন, হিজরি সনের শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাতটি মুসলমানরা শবেবরাত হিসেবে পালন করে থাকেন। এই রাত রহমত, মাগফিরাত ও আত্মিক পরিশুদ্ধির এক বিশেষ সুযোগ। হাদিসে বর্ণিত আছে, এ রাতে আল্লাহতায়ালা তাঁর বান্দাদের বিশেষভাবে ক্ষমা করে থাকেন- এ কারণে এই রাতকে সৌভাগ্যময় রজনি হিসেবে বিশ্বাস করা হয়।

প্রধান উপদেষ্টা বলেন, মহিমান্বিত এই রাতে ইবাদত-বন্দেগি, দান-সদকা, আত্মসমালোচনা ও তওবার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব। গুনাহ থেকে পরিশুদ্ধ হয়ে সঠিক পথে জীবন পরিচালনার প্রচেষ্টার মাধ্যমে আল্লাহতাআলার অসীম অনুগ্রহ, বরকত ও মাগফিরাত লাভ করা যায়।

ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, আসুন- পবিত্র শবেবরাতকে আল্লাহর রহমত লাভের এক অসাধারণ সুযোগ হিসেবে গ্রহণ করে আমরা দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করি এবং মানব কল্যাণে আত্মনিয়োগ করি। সব ধরনের অন্যায়, অবিচার, অনাচার ও কুসংস্কার পরিহার করে শান্তির ধর্ম ইসলামের অনুপম সৌন্দর্যে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনকে আলোকিত করি।

বাণীর শেষাংশে তিনি বলেন, সর্বশক্তিমান আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা ও হেফাজত করেন। আমীন।