বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

খেলাপি ঋণের চাপ ‘অভূতপূর্ব’, সমাধানে লাগবে ৫–১০ বছর: বাংলাদেশ ব্যাংকের গভর্নর


দেশের ব্যাংক খাতে জমে থাকা খেলাপি ঋণের পরিমাণ এতটাই বেড়েছে যে এ সংকট থেকে উত্তরণে অন্তত পাঁচ থেকে দশ বছর সময় লাগবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি জানান, মোট ঋণের এক-তৃতীয়াংশেরও বেশি এখন খেলাপি, যা আর্থিক খাতের স্থিতিশীলতাকে বড় ধরনের ঝুঁকিতে ফেলেছে।

২৯ নভেম্বর ২০২৫, ৮:৫৮ অপরাহ্ণ 

খেলাপি ঋণের চাপ ‘অভূতপূর্ব’, সমাধানে লাগবে ৫–১০ বছর: বাংলাদেশ ব্যাংকের গভর্নর
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

দেশের ব্যাংক খাতে দীর্ঘদিন ধরে জমে থাকা খেলাপি ঋণের বোঝা ‘অভূতপূর্ব’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তার মতে, সংকট থেকে পুরোপুরি উত্তরণে ধাপে ধাপে এগোতে হবে এবং এতে লাগতে পারে কমপক্ষে ৫ থেকে ১০ বছর।

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২৫-এর উদ্বোধনী অধিবেশনে বক্তৃতাকালে গভর্নর এসব মন্তব্য করেন।

তিনি বলেন, “ব্যাংক খাতের মোট ঋণের এক-তৃতীয়াংশের বেশি এখন খেলাপি। এটি কোনও ছোট সমস্যা নয়। প্রতি প্রান্তিকে নতুন তথ্য প্রকাশিত হওয়ার পর দেখা যাচ্ছে খেলাপি ঋণের পরিমাণ আরও বাড়ছে। দুই বছর আগে আমার ধারণা ছিল খেলাপি ঋণের হার ২৫ শতাংশ হবে। সরকার তখন বলেছিল তা ৮ শতাংশ। এখন দেখা যাচ্ছে এই হার ৩৫ শতাংশ ছাড়িয়েছে।”

গভর্নর জানান, খেলাপি ঋণের এমন প্রবৃদ্ধির কারণে ব্যাংকিং সেক্টরের স্থিতিশীলতা মারাত্মকভাবে চাপে রয়েছে। “এই সমস্যা রাতারাতি সমাধান হবে না। ধাপে ধাপে আগাতে হবে। স্বাভাবিক অবস্থায় ফিরতে ৫ থেকে ১০ বছর সময় প্রয়োজন।”

রমজানকে সামনে রেখে আমদানির জন্য ডলার সংকট নিয়ে কোনো উদ্বেগ নেই বলেও আশ্বস্ত করেন তিনি। গভর্নর জানান, “বাংলাদেশ ব্যাংকের কাছে এখন পর্যাপ্ত ডলার রয়েছে। গত বছরের তুলনায় ২০ থেকে ৫০ শতাংশ বেশি এলসি খোলা হয়েছে।”

এ ছাড়া সাম্প্রতিক সময়ে একীভূত হওয়া পাঁচ ইসলামী ব্যাংকের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, ইসলামী ধারার ওই পাঁচ ব্যাংক নিয়ে গঠিত নতুন সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম আগামী সপ্তাহ থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে।