বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

ভূমিকম্পে মেট্রোরেলের ৬ স্টেশনে ফাটল


শুক্রবারের ভূমিকম্পে ঢাকার মেট্রোরেলের অন্তত ছয়টি স্টেশনে ফাটল দেখা গেছে। কারওয়ান বাজার, বিজয় সরণি, পল্লবী, মিরপুর ১০, মিরপুর ১১ ও ফার্মগেট স্টেশনের বিভিন্ন স্থাপনায় এসব ফাটল ধরা পড়ে, যা নিয়ে উদ্বিগ্ন যাত্রীরা প্রশ্ন তুলেছেন নিরাপত্তা নিয়ে।

২২ নভেম্বর ২০২৫, ৩:৪১ অপরাহ্ণ 

ভূমিকম্পে মেট্রোরেলের ৬ স্টেশনে ফাটল
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রাজধানীতে ভূমিকম্পের কয়েক ঘণ্টা পর বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, কারওয়ান বাজার ও বিজয় সরণি স্টেশনের বৈদ্যুতিক সাব-স্টেশন কক্ষের ফ্লোরে ফাটল তৈরি হয়েছে। বিজয় সরণি স্টেশনের সাব-স্টেশনের প্রবেশদ্বারের দেয়ালেও সুস্পষ্ট ফাটল চোখে পড়ে। পল্লবী স্টেশনের সাব-স্টেশন কক্ষ ও নিয়ন্ত্রণ কক্ষের ভেতরেও ফাটল দেখা গেছে।

অনুসন্ধানে আরও জানা যায়, মিরপুর ১১ স্টেশনের বৈদ্যুতিক সাব-স্টেশনের ফ্লোরে ফাটল, মিরপুর ১০ স্টেশনের টাইলস ভাঙা এবং ফার্মগেট স্টেশনের যাত্রীদের ব্যবহৃত লিফট কোরের ভেতরের দেয়ালেও ফাটল তৈরি হয়েছে।

পল্লবী স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বে থাকা স্টেশন কন্ট্রোলার মো. সায়েম শুরুতে ফাটলের অস্তিত্ব অস্বীকার করলেও পরে সরেজমিনে দেখানোর পর বলেন, “আগেও ফেটে থাকতে পারে, আবার ভূমিকম্পেও ফাটতে পারে। এখন আমি প্রথম দেখলাম।” তিনি এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।

স্টেশনভেদে অন্য কর্মীরাও বিভিন্ন স্থানে ফাটল ধরার বিষয়টি নিশ্চিত করেছেন, যদিও কেউ কেউ বিস্তারিত জানাতে অনিচ্ছুক ছিলেন। এক কর্মী জানান, “আরও এক জায়গায় ফাটল ধরেছে, তবে কোথায় তা বলতে পারবো না।”

এদিকে, ফাটলের খবর শুনে যাত্রীদের মধ্যেও উদ্বেগ বাড়তে দেখা যায়। সাব্বির রহমান নামে এক যাত্রী বলেন, “এটা ঠিক না। বিভিন্ন স্টেশনে ফাটল ধরার পরও মেট্রোরেল চালানোর সিদ্ধান্ত ঠিক হয়নি। দুর্ঘটনা ঘটতে কতক্ষণ?”

অন্য যাত্রী সুস্মিতা বলেন, “মেট্রোরেল খুব উপকারী। এত টাকা খরচ করে তৈরি এই স্থাপনাগুলোতে ফাটল শুনে খারাপ লাগছে।”

সরকারি পর্যায়ে যোগাযোগের চেষ্টা করা হলে ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ ফোন ধরেননি। আরেক ঊর্ধ্বতন কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।

তবে অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, “ফাটল আমরা দেখেছি। এগুলো সিরিয়াস না। আমরা আরও পরীক্ষা-নিরীক্ষা করছি।”

মেট্রোরেল চালানো ঠিক হয়েছে কি না—এ প্রশ্নে তিনি বলেন, “কয়েকটি ট্রায়াল রান করেছি। কোনো অসুবিধা দেখা যায়নি, তাই চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।”