মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত


রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মঙ্গলবার দুপুরের আগে স্বল্পমাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৪ এবং ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ময়মনসিংহের ভালুকা।
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টা ৪১ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। এতে অনেক মানুষ আতঙ্কিত হয়ে বাসা ও অফিস থেকে বের হয়ে আসেন।

আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক রুবাইয়াৎ কবীর জানিয়েছেন, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৪। এর উৎপত্তিস্থল ছিল ময়মনসিংহের ভালুকা এলাকায়। তিনি বলেন, এটি স্বল্পমাত্রার ভূমিকম্প হওয়ায় আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। এ ধরনের হালকা ভূমিকম্প বাংলাদেশে মাঝেমধ্যেই অনুভূত হয়ে থাকে।

বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পপ্রবণ তিনটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থান করায় বাংলাদেশে মাঝেমধ্যে ভূমিকম্প হওয়া স্বাভাবিক। তবে সাম্প্রতিক সময়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পের সংখ্যা কিছুটা বেড়ে যাওয়ায় বিষয়টি নিয়ে নজর রাখছেন সংশ্লিষ্টরা।

এদিকে, তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।