সোমবার, ৪ মে, ২০২৬

রাঙামাটিতে ছাত্রদলের নতুন কমিটি ঘিরে সংঘর্ষ, জারি ১৪৪ ধারা


রাঙামাটিতে জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে টানা দ্বিতীয় দিনের মতো সংঘর্ষ ও উত্তেজনার জেরে বিএনপি কার্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে উভয় পক্ষকে সরিয়ে দেওয়া হয়েছে।
রাঙামাটিতে ছাত্রদলের নতুন কমিটি ঘিরে সংঘর্ষ, জারি ১৪৪ ধারা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রাঙামাটিতে জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা ঘিরে সৃষ্ট বিরোধ ক্রমেই সহিংস রূপ নিয়েছে। সোমবার (৪ মে) দুপুরে দলীয় কার্যালয়ের সামনে পদবঞ্চিত নেতাকর্মীরা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে নতুন কমিটির বিরুদ্ধে স্লোগান দেন এবং সড়ক অবরোধ করেন।

একপর্যায়ে বাঘাইছড়ি উপজেলা থেকে আসা ছাত্রদলের একটি গাড়িবহর নতুন কমিটির পক্ষে স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় বিক্ষোভকারীরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া দেয়। এতে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

ঘটনার খবর পৌর এলাকায় অবস্থান নেওয়া নতুন কমিটির সমর্থকদের কাছে পৌঁছালে তারা সংঘবদ্ধ হয়ে বিক্ষোভকারীদের ওপর পাল্টা ধাওয়া দেয়। এতে পদবঞ্চিত নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে দলীয় কার্যালয় এলাকা ছেড়ে পালিয়ে যান। পরে নতুন কমিটির সমর্থকরা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। এতে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে সরিয়ে দেন। একই সময়ে সম্ভাব্য আরও সংঘর্ষ এড়াতে জেলা প্রশাসন বিএনপি কার্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করে। কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীমউদ্দিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এর আগে শনিবার নতুন কমিটি ঘোষণার পর থেকেই ক্ষুব্ধ পদবঞ্চিত নেতাকর্মীরা বিএনপি কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তখন জেলা বিএনপির নেতারা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দেন। তবে সোমবার বিকেলে নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলের ঘোষণা এলে বিরোধ নতুন করে চরমে পৌঁছায়।