কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় ভয়াবহ ট্রেন-বাস সংঘর্ষে প্রাণহানির ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। নিহত ১২ জনের প্রত্যেকের পরিবারকে জরুরি ভিত্তিতে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে বলে জানানো হয়েছে।
রোববার (২২ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেন ‘মামুন পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর ট্রেনটি বাসটিকে রেললাইনের ওপর দিয়ে প্রায় আধা কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়।
ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রথমে ঘটনাস্থল থেকে ৭ জনের মরদেহ উদ্ধার করা হলেও পরে হাসপাতালে চিকিৎসাধীন ও উদ্ধার তৎপরতার মধ্যে আরও কয়েকজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়ায়।
দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের চিহ্নিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাফর সাদিক চৌধুরীকে আহ্বায়ক করে গঠিত ৫ সদস্যের এই কমিটিতে বিআরটিএ, হাইওয়ে পুলিশ, রেলওয়ে এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটিকে দ্রুত সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, পদুয়ার বাজার রেলক্রসিংয়ের মতো ব্যস্ত স্থানে সিগন্যাল বা গেটম্যানের কোনো গাফিলতি ছিল কি না, তা বিশেষভাবে খতিয়ে দেখা হবে। এদিকে, দুর্ঘটনায় আহত আরও বেশ কয়েকজন যাত্রী বর্তমানে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে জেলা প্রশাসন সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।