বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

ঈদের আগেই চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’


ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু জানিয়েছেন, এটি সার্বজনীনভাবে চালুর পরিকল্পনা থাকলেও শুরুতে হতদরিদ্র পরিবারকে অগ্রাধিকার দেওয়া হতে পারে।

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ২:৩৫ অপরাহ্ণ 

ঈদের আগেই চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ চালুর প্রস্তুতি নিচ্ছে সরকার। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর সচিবালয়ে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় এ বিষয়ে আলোচনা ও প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। তিনি জানান, সরকারের নির্বাচনি ইশতেহারে ফ্যামিলি কার্ডের বিষয়টি বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে। সেই প্রতিশ্রুতির আলোকে এটি বাস্তবায়নের প্রক্রিয়া কীভাবে শুরু করা যায়, তা নিয়েই আজকের বৈঠকে আলোচনা হয়েছে।

মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড দেওয়া হবে এটা নিয়ে নীতিগত সিদ্ধান্ত রয়েছে। তবে কার্যক্রমটি কীভাবে পরিচালিত হবে, কী পদ্ধতিতে পরিবারগুলোকে অন্তর্ভুক্ত করা হবে এবং কারা অগ্রাধিকার পাবে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

কত পরিবার এই কার্ড পাবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি সার্বজনীন উদ্যোগ হিসেবে ভাবা হচ্ছে। এতে কোনো ধরনের বিধিনিষেধ বা সীমাবদ্ধতা থাকবে না। তবে বাস্তবায়নের সুবিধার্থে একটি কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে হতদরিদ্র পরিবারগুলোকে অন্তর্ভুক্ত করে কার্যক্রম শুরু হতে পারে। এরপর পর্যায়ক্রমে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারকে আওতায় আনা হবে।

রমজান মাসেই এটি চালু হচ্ছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী অন্তত পাইলট প্রকল্প হিসেবে ঈদের আগেই এটি চালু করার লক্ষ্য রয়েছে। তিনি বলেন, “আমাদের প্রধানমন্ত্রী চান, অন্তত পাইলট প্রজেক্ট হিসেবে ঈদের আগেই এটি শুরু করতে। আজকের বৈঠকে মূলত কীভাবে কার্যক্রমটি শুরু করা হবে, সেই বিষয়গুলো নিয়েই আলোচনা হয়েছে।”

সরকারের পক্ষ থেকে শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা ও বিস্তারিত কর্মপরিকল্পনা জানানো হতে পারে বলে জানা গেছে।