বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

উচ্চ র‍্যাঙ্কিংয়ের দলের বিপক্ষে খেলে অভিজ্ঞতা অর্জনই মূল লক্ষ্য: হামজা চৌধুরী


ফিফা আসিয়ান কাপে অংশ নিতে বাংলাদেশ ফুটবল দল এখন ইন্দোনেশিয়ায়। টুর্নামেন্ট নিয়ে সমর্থকদের প্রত্যাশা থাকলেও এটিকে নিজেদের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন জাতীয় দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী। তিনি বলেছেন, উচ্চ র‍্যাঙ্কিংয়ের দলের বিপক্ষে খেলার সুযোগ পাওয়া বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হবে।

২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ণ 

উচ্চ র‍্যাঙ্কিংয়ের দলের বিপক্ষে খেলে অভিজ্ঞতা অর্জনই মূল লক্ষ্য: হামজা চৌধুরী
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ফিফা আসিয়ান কাপে অংশ নিতে বাংলাদেশ ফুটবল দল এখন ইন্দোনেশিয়ায়। টুর্নামেন্টটি নিয়ে দেশের ফুটব্রমোদীদের মধ্যে ব্যাপক প্রত্যাশা থাকলেও, এটিকে নিজেদের উন্নতির বড় সুযোগ হিসেবে দেখছেন জাতীয় দলের তারকা ফুটবলার ও শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে হামজা চৌধুরী টুর্নামেন্টে খেলার অনুভূতি ও দলের লক্ষ্যের কথা জানান। হামজা বলেন, এই টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়ে পুরো দল অত্যন্ত রোমাঞ্চিত ও সম্মানিত বোধ করছে। নিজেদের চেয়ে উচ্চ র‍্যাঙ্কিংয়ের শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ পাওয়াকে তিনি বাংলাদেশের ফুটবলের জন্য একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা বলে উল্লেখ করেন।

দলের লক্ষ্য সম্পর্কে স্পষ্ট জানিয়ে হামজা বলেন, মাঠে কোনো প্রতিপক্ষকে ভয় না পেয়ে, নিজেদের সামর্থ্যের ওপর আস্থা রেখে যতটা সম্ভব পয়েন্ট অর্জন করাই তাদের মূল লক্ষ্য। তার ভাষায়, এই টুর্নামেন্টটি বাংলাদেশের জন্য একটি চমৎকার শেখার প্রক্রিয়া, যেখান থেকে সর্বোচ্চ অভিজ্ঞতা অর্জন করে দেশের মুখ উজ্জ্বল করতে চায় দল।

ইন্দোনেশিয়ার পরিবেশ, অনুশীলনের সুযোগ-সুবিধা এবং আয়োজকদের আতিথেয়তারও প্রশংসা করেন এই তারকা ফুটবলার। পাশাপাশি তিনি দলের তরুণ ও উদীয়মান খেলোয়াড়দের সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, এ ধরনের আন্তর্জাতিক টুর্নামেন্ট তরুণদের নিজেদের সামর্থ্য প্রমাণ ও আত্মবিশ্বাস বাড়াতে দারুণ ভূমিকা রাখবে।

এদিকে, শুক্রবারের ম্যাচকে সামনে রেখে এখন সম্পূর্ণ মনোযোগ ধরে রেখেছে পুরো দল। হামজা জানান, দলের সব ফুটবলারই বর্তমানে দারুণ ইতিবাচক মানসিকতায় আছেন এবং আসন্ন ম্যাচে নিজেদের সেরাটা দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত।