শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
গ্রেফতার অভিযান •

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৮৪, মামলা ৪৪


রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬৮৪ জন গ্রেফতার হয়েছেন এবং ৪৪টি মামলা হয়েছে। গ্রেফতারের সংখ্যায় এগিয়ে মিরপুর বিভাগ। অভিযানে ২ হাজার ৫০৮ পিস ইয়াবা, ২৩ কেজি গাঁজা, ৪৯৮ গ্রাম হেরোইনসহ মোবাইল ফোন, সিম কার্ড, নগদ টাকা ও জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

২৪ অক্টোবর ২০২৬, ২:৪৬ অপরাহ্ণ 

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৮৪, মামলা ৪৪
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রাজধানীতে অপরাধ দমন ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৪৪টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্যসহ বিভিন্ন ধরনের আলামত উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে তাঁদের গ্রেফতার করা হয়। ডিএমপির বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ২০৬ জন রয়েছেন। এ ছাড়া তেজগাঁও বিভাগে ১১০, ওয়ারী বিভাগে ৮৭, মতিঝিল ও গুলশান বিভাগে ৭৮ জন করে, লালবাগ বিভাগে ৪৭, রমনা বিভাগে ৩৮, উত্তরা বিভাগে ৩২, এসআরইউ বিভাগে ৪ এবং গোয়েন্দা বিভাগে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযান চলাকালে পুলিশ ২ হাজার ৫০৮ পিস ইয়াবা, ২৩ কেজি গাঁজা ও ৪৯৮ গ্রাম হেরোইন উদ্ধার করে। এ ছাড়া ১৮টি মোবাইল ফোন, ৭৯টি সিম কার্ড, একটি মোটরসাইকেল, চারটি ব্যাটারিসহ একটি অটোরিকশা এবং নগদ ৩২ হাজার ৫৩০ টাকা জব্দ করা হয়।

এদিকে, জুয়া খেলার ১০৪টি কার্ড, আটটি খাতা এবং গাঁজা ভর্তি কলকি ও কাটারও উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপির এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।