গ্রেফতার অভিযান • ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৮৪, মামলা ৪৪
২৬ অক্টোবর ২০২৬, ২:১০ অপরাহ্ণ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন টুর্নামেন্ট ডমেস্টিক থ্রি বা "ডি থ্রি ট্রফি" শুরু হতে যাচ্ছে আগামী ডিসেম্বরে। টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে মাঠে গড়াবে প্রতিযোগিতাটির প্রথম আসর। এর আগে সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর শেরাটন হোটেলে অনুষ্ঠিত হচ্ছে খেলোয়াড়দের নিলাম। তবে প্রচলিত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মতো টাকার অঙ্কে নয়, এই নিলামে ক্রিকেটারদের দলে নেওয়া হচ্ছে পয়েন্টের ভিত্তিতে।
নিলামে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে দলগুলোর মধ্যে দেখা গেছে বাড়তি আগ্রহ। শেষ পর্যন্ত শরীফুল ইসলামকে ২ কোটি ৩০ লাখ পয়েন্টে দলে নিয়েছে সিটিজেনস ব্যাংক। তাসকিন আহমেদকে ২ কোটি ১০ লাখ পয়েন্টে কিনেছে ওয়ালটন। অন্যদিকে তানজিদ হাসান তামিমকে ২ কোটি পয়েন্টে দলে ভিড়িয়েছে ফরচুন গ্রুপ।
নিলামের প্রথম ডাকেই ১ কোটি ৫০ লাখ পয়েন্টে বিক্রি হন শেখ মেহেদী হাসান। তাঁকে দলে নিয়েছে এইস ব্লুস্টার। এদিকে বাঁহাতি ওপেনার সৌম্য সরকারকে পেতে প্রতিদ্বন্দ্বিতা করে ওয়ালটন ও ফরচুন গ্রুপ। শেষ পর্যন্ত ৭৫ লাখ পয়েন্টে তাঁকে দলে নেয় ফরচুন।
ডি থ্রি ট্রফির নিলামে ক্রিকেটারদের জন্য নির্ধারণ করা হয়েছে পাঁচটি ক্যাটাগরি। প্রতিটি শ্রেণিতে রয়েছে আলাদা ভিত্তিমূল্য। মোট পাঁচটি ক্যাটাগরি করা হয়েছে খেলোয়াড়দের। 'এ' ক্যাটাগরিতে ৪০ লাখ, 'বি' ক্যাটাগরিতে ৩০ লাখ, 'সি' ক্যাটাগরিতে ২০ লাখ, 'ডি' ক্যাটাগরিতে ১০ লাখ ও 'ই' ক্যাটাগরিতে ৫ লাখ পয়েন্ট ভিত্তিমূল্য ধরা হয়েছে।
নতুন এই টুর্নামেন্টে পয়েন্টের ভিত্তিতে দল গঠনের পদ্ধতি ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে প্রতিযোগিতাটি শুরু হলে মাঠের লড়াইয়ে দলগুলো কেমন পারফর্ম করে, সেটিই হবে দেখার বিষয়।