বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

আন্তর্জাতিক মহলে আলোড়ন তোলা বিরল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ যাচ্ছে মিরপুর চিড়িয়াখানায়


দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করা বিরল ‘অ্যালবিনো’ প্রজাতির মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-এর কোরবানি স্থগিত করেছে সরকার। সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনা অনুযায়ী, প্রায় ৬৮০ কেজি ওজনের এই বিরল প্রাণীটিকে সংরক্ষণ করার জন্য মিরপুর জাতীয় চিড়িয়াখানায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (ঈদের আগের দিন) বিকেলে ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা এলাকা থেকে মহিষটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ওসি।

২৮ মে ২০২৬, ৯:২০ পূর্বাহ্ণ 

আন্তর্জাতিক মহলে আলোড়ন তোলা বিরল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ যাচ্ছে মিরপুর চিড়িয়াখানায়
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ব্যতিক্রমী রূপ আর নামের কারণে বিশ্বজুড়ে শোরগোল ফেলে দেওয়া চার বছর বয়সি অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ অবশেষে ঠাঁই পাচ্ছে মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। গোলাপি ত্বক এবং মাথায় ঢেউখেলানো সোনালি লোমের কারণে দেখতে অনেকটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায় এর এই নামকরণ করা হয়েছিল।

মহিষটির এই অদ্ভুত চেহারার খবর বাংলাদেশের স্থানীয় গণমাধ্যমে প্রকাশের পর তা দ্রুত আন্তর্জাতিক সংবাদমাধ্যমের নজরে আসে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ, দ্য ইন্ডিপেনডেন্ট এবং এএফপি ও রয়টার্সসহ বিশ্বের প্রধান প্রধান গণমাধ্যমে এই মহিষটিকে নিয়ে বিশেষ প্রতিবেদন ও ভিডিও প্রকাশিত হয়। মূলত নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার ‘রাবেয়া অ্যাগ্রো ফার্ম’-এর মালিক জিয়াউদ্দিন মৃধার ভাই মহিষটির এই নামকরণ করেছিলেন। সেখান থেকে গত সোমবার লালগালিচা বিছিয়ে ও রাজকীয় সাজে মহিষটিকে কিনে কেরানীগঞ্জের বাড়িতে নিয়ে এসেছিলেন ক্রেতা মনিরুজ্জামান।

তবে বুধবার বিকেলে পুলিশ মনিরুজ্জামানের বাড়িতে হাজির হয়ে ওপরের নির্দেশনার কথা জানায়। সরকারের পক্ষ থেকে জানানো হয়, এটি একটি অত্যন্ত বিরল জাত (রেয়ার ব্রিড) হওয়ায় এটিকে বাঁচিয়ে রাখতে ও সংরক্ষণ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কেএম নাজমুল হক এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আপাতত ব্যক্তিগত উদ্যোগে পশুটি কিনে নিয়েছেন এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু প্রাণীটির যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের জন্য প্রাণিসম্পদ অধিদপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

জাতীয় চিড়িয়াখানার কিউরেটর চিকিৎসক মো. আতিকুর রহমান জানিয়েছেন, মহিষটিকে গ্রহণের জন্য চিড়িয়াখানায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সুরক্ষার স্বার্থে প্রথমে সেটিকে দুই সপ্তাহের জন্য কোয়ারেন্টিনে রাখা হবে এবং শারীরিক পরীক্ষা শেষে বড় একটি শেডে অবমুক্ত করা হবে।

মহিষটির এমন ব্যতিক্রমী রঙের বৈজ্ঞানিক কারণ ব্যাখ্যা করে আতিকুর রহমান বলেন, "ইন-ব্রিডিং বা একই বংশের মধ্যে প্রজনন হলে এমনটি হওয়ার সম্ভাবনা থাকে। ত্বকে রঞ্জক পদার্থ মেলানিন কম থাকার কারণে মহিষ কালো না হয়ে সাদা বা গোলাপি রঙের হয়েছে। প্রতি ১০ হাজার মহিষের মধ্যে মাত্র একটি এমন হতে পারে।"

প্রিয় মহিষটি হাতছাড়া হলেও সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ক্রেতা মনিরুজ্জামান। তিনি জানান, সরকার তাকে মহিষের সমপরিমাণ দাম পরিশোধ করার অথবা কোরবানির জন্য বিকল্প অন্য একটি গরু দেওয়ার আশ্বাস দিয়েছে।