শনিবার, ৯ মে, ২০২৬

যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থীকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি দিল ইউএসএফ


যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ)। বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে তাদের স্মরণে নীরবতা পালনসহ বিশেষ সম্মাননা দেওয়া হয়।

৯ মে ২০২৬, ৬:৫৬ পূর্বাহ্ণ 

যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থীকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি দিল ইউএসএফ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ)।

শুক্রবার (৮ মে) বিশ্ববিদ্যালয়টির বসন্তকালীন সমাবর্তন অনুষ্ঠানে তাদের এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে মিয়ামিতে অবস্থিত বাংলাদেশের কনসুলেটের একজন প্রতিনিধি উপস্থিত থেকে দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত চলা ‘স্প্রিং ২০২৬’ সমাবর্তনে প্রায় ৮ হাজার শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ডক্টরাল ডিগ্রিধারী ৩৯৩ জনের তালিকায় জামিল ও বৃষ্টির নাম অন্তর্ভুক্ত করা হয়।

সমাবর্তন অনুষ্ঠানের শুরুতে নিহত দুই শিক্ষার্থীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া শুক্রবার সকালে ডক্টরাল ডিগ্রি প্রদানের মূল অনুষ্ঠানে তাদের সম্মানে দুটি খালি চেয়ার নির্ধারিত একাডেমিক পোশাক (রেগালিয়া) দিয়ে সাজিয়ে রাখা হয়, যা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে।

জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। এক সপ্তাহ পর ফ্লোরিডার টাম্পায় হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড সেতুর কাছ থেকে জামিলের দেহাবশেষ উদ্ধার করা হয়। এর দুদিন পর একই এলাকার একটি ম্যানগ্রোভ বন থেকে বৃষ্টির দেহাবশেষ উদ্ধার করা হয়। এই হত্যাকাণ্ডের ঘটনায় ২৬ বছর বয়সী হিশাম আবুগারবিয়েহকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে দুইজনকে হত্যার অভিযোগ আনা হয়েছে এবং বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।