শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

নড়াইল-এ ট্রাকচাপায় পেট্রোল পাম্প ম্যানেজার নিহত, আহত একজন


ডিজেল না পাওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডার জেরে নড়াইল সদরের তুলারামপুরে ট্রাকচাপায় এক পেট্রোল পাম্প ম্যানেজার নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত দুইটার দিকে যশোর-নড়াইল মহাসড়কের রেলব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আহত আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।

২৯ মার্চ ২০২৬, ১:১২ অপরাহ্ণ 

নড়াইল-এ ট্রাকচাপায় পেট্রোল পাম্প ম্যানেজার নিহত, আহত একজন
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের রেলব্রিজ এলাকায় ট্রাকচাপায় পেট্রোল পাম্পের ম্যানেজার নিহত হওয়ার একটি ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত নাহিদ সরদার (৩৩) তুলারামপুর ইউনিয়নের পেড়লি গ্রামের আকরাম সরদারের ছেলে। আহত জিহাদ মোল্যা (২৭) একই ইউনিয়নের চামরুল গ্রামের জহুর আলীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তুলারামপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দর আলী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নড়াইল সদর উপজেলার যশোর-নড়াইল মহাসড়কের পাশে অবস্থিত তুলারামপুরে মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনে ডিজেল নিতে আসেন পেড়লি গ্রামের ট্রাকচালক সুজাত মোল্যা। কিন্তু পাম্পে তেল না থাকায় পাম্প ম্যানেজার নাহিদ সরদার তাকে তেল দিতে পারেননি। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়।

একপর্যায়ে ট্রাকচালক সুজাত মোল্যা ক্ষুব্ধ হয়ে ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার হুমকিও দেন বলে জানা গেছে। পরে রাত দুইটার দিকে পাম্পের কাজ শেষ করে মোটরসাইকেলে করে নিজ বাড়ি পেড়লি গ্রামে ফিরছিলেন নাহিদ সরদার। তার সঙ্গে ছিলেন পাম্পের কর্মচারী জিহাদ মোল্যা।

পাম্প থেকে প্রায় ১০০ গজ দূরে পৌঁছালে পেছন দিক থেকে ট্রাক নিয়ে এসে তাদের মোটরসাইকেল লক্ষ্য করে ধাক্কা দেন ওই ট্রাকচালক। এতে ঘটনাস্থলেই নিহত হন নাহিদ সরদার। গুরুতর আহত অবস্থায় জিহাদ মোল্যাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়।

ফিলিং স্টেশনের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, বাগবিতণ্ডার পর ওই ট্রাকচালক পাম্পেই অবস্থান করছিলেন। দিবাগত রাত ২টা ১০ মিনিটে পাম্পের কাজ শেষ করে মোটরসাইকেলে করে বের হন নাহিদ ও জিহাদ। এরপর দ্রুতগতিতে ট্রাকটি তাদের পিছু নিতে দেখা যায়।

তুলারামপুর হাইওয়ে পুলিশের ওসি সেকেন্দর আলী বলেন, ট্রাকচাপায় পাম্প ম্যানেজারের মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘাতক ট্রাক ও চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।