শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

খাদ্য সংকট হবে না, পর্যাপ্ত মজুদ আছে: মোহাম্মদ আমিন উর রশীদ


দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে এবং আগামী কয়েক মাসের চাহিদা মেটানো সম্ভব বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। তিনি বলেন, সরকারের কার্যকর পদক্ষেপের ফলে কোনো মানুষ খাদ্য সংকটে পড়বে না।

১৮ মার্চ ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ 

খাদ্য সংকট হবে না, পর্যাপ্ত মজুদ আছে: মোহাম্মদ আমিন উর রশীদ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

দেশে খাদ্য নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। তিনি বলেছেন, বর্তমানে দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে, যা দিয়ে আগামী কয়েক মাসের চাহিদা পূরণ করা সম্ভব হবে। সরকার এ বিষয়ে সতর্কভাবে কাজ করছে, যাতে দেশের কোনো মানুষ খাদ্য সংকটে না পড়ে।

বুধবার দুপুরে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার শ্যামপুর উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্য মন্ত্রণালয়ের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়।

মন্ত্রী জানান, কৃষকদের উৎপাদিত ফসলকে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থেকে রক্ষা করতে ফসল বীমা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। বন্যা বা অন্য কোনো দুর্যোগে ফসল ক্ষতিগ্রস্ত হলে বীমার আওতায় ক্ষতিপূরণ দেওয়া হবে, যাতে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন। নির্বাচনের আগে তারেক রহমান যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, সেগুলো বাস্তবায়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। অনেকেই এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে সন্দেহ প্রকাশ করলেও বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর সেগুলো বাস্তবে রূপ দিচ্ছেন।

মন্ত্রী উল্লেখ করেন, এই দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়া-এর আদর্শে পরিচালিত। তিনি বলেন, বিএনপি যা বলে তা বাস্তবায়ন করে- বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সেই প্রমাণ দিচ্ছেন।

সরকারের বিভিন্ন সামাজিক ও কৃষি সহায়তা কর্মসূচির কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীসহ বিভিন্ন উদ্যোগ ইতোমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে। কৃষকদের আর্থিক সক্ষমতা বাড়াতে প্রণোদনা, সহায়তা এবং সহজ ঋণ সুবিধা প্রদান করা হচ্ছে। দায়িত্ব গ্রহণের পর কৃষকদের কৃষিঋণ মওকুফ করার কথাও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান ও জেলা খাদ্য নিয়ন্ত্রক নিত্যানন্দ কুণ্ডু। আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে আমড়াতলী ইউনিয়নের ১ হাজার ৮৭৯ জন উপকারভোগীর মধ্যে প্রত্যেককে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।