শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

ট্রাম্পের সঙ্গে বৈঠকে নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিলেন মারিয়া কোরিনা মাচাদো


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথমবারের মতো সরাসরি সাক্ষাৎ করেছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। এ সময় তিনি ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দেন বলে জানিয়েছেন। খবর রয়টার্সের।

১৬ জানুয়ারী ২০২৬, ৯:০৫ পূর্বাহ্ণ 

ট্রাম্পের সঙ্গে বৈঠকে নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিলেন মারিয়া কোরিনা মাচাদো
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত এই বৈঠকে প্রায় এক ঘণ্টাব্যাপী মধ্যাহ্নভোজে অংশ নেন তারা।

বৈঠক শেষে সাংবাদিকদের মাচাদো বলেন, ভেনেজুয়েলার জনগণের স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতি ট্রাম্পের প্রতিশ্রুতির স্বীকৃতি হিসেবেই তিনি নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন। তবে ট্রাম্প সেটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে নরওয়ের নোবেল ইনস্টিটিউট জানায়, নোবেল শান্তি পুরস্কার হস্তান্তর, ভাগ বা প্রত্যাহার করা যায় না। অর্থাৎ পদক উপহার দেওয়া হলেও নোবেল পুরস্কারের সম্মান মাচাদোর নামেই থাকবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ও মাচাদোর মধ্যে এটিই প্রথম সরাসরি সাক্ষাৎ। বৈঠক শেষে মাচাদো ক্যাপিটল হিলে রিপাবলিকান ও ডেমোক্র্যাট—উভয় দলের একাধিক সিনেটরের সঙ্গে পৃথক বৈঠক করেন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, প্রেসিডেন্ট ট্রাম্প এই বৈঠকের জন্য আগ্রহী ছিলেন। তবে তার মতে, স্বল্পমেয়াদে ভেনেজুয়েলা পরিচালনার জন্য প্রয়োজনীয় রাজনৈতিক সমর্থন এখনো মাচাদোর হাতে নেই। বর্তমানে তিনি দেশটির সরকারের বিভিন্ন পক্ষের সঙ্গে প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় রয়েছেন।

এদিকে চলতি মাসে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের একটি অভিযানের পর দেশটিতে রাজনৈতিক পরিবর্তন ও গণতান্ত্রিক রূপান্তরের সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি বলেন, মাচাদো সিনেটরদের জানিয়েছেন যে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর শাসনামলের মতোই দমন-পীড়নের পরিস্থিতি এখনো অব্যাহত রয়েছে। সম্ভাব্য কোনো নির্বাচনের বিষয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন।