বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

মাদুরো ও সহযোগীদের সম্পদ তাৎক্ষণিক জব্দের সিদ্ধান্ত সুইজারল্যান্ডের


ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার ঘনিষ্ঠ সহযোগীদের সুইজারল্যান্ডে থাকা সম্পদ তাৎক্ষণিকভাবে জব্দ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। একই সময়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মাদক-সন্ত্রাসবাদের অভিযোগে আদালতে হাজির হয়ে সব অভিযোগ অস্বীকার করেছেন মাদুরো।

৬ জানুয়ারী ২০২৬, ৯:৪৮ পূর্বাহ্ণ 

মাদুরো ও সহযোগীদের সম্পদ তাৎক্ষণিক জব্দের সিদ্ধান্ত সুইজারল্যান্ডের
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সুইজারল্যান্ডে থাকা যে কোনো সম্পদ তাৎক্ষণিকভাবে জব্দ করার সিদ্ধান্ত নিয়েছে সুইস সরকার। এক বিবৃতিতে সুইজারল্যান্ড সরকার জানায়, বর্তমান পরিস্থিতিতে অবৈধভাবে অর্জিত কোনো সম্পদ যাতে দেশটি থেকে সরিয়ে নেওয়া না যায়, তা নিশ্চিত করতেই এই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে মাদুরো এবং তার সহযোগীদের সঙ্গে সংশ্লিষ্ট সুইজারল্যান্ডে থাকা সব ধরনের সম্পদ জব্দ করা হবে। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং প্রাথমিকভাবে চার বছর বহাল থাকবে। এই সময়ের মধ্যে নতুন কোনো সিদ্ধান্ত না এলে জব্দাদেশ কার্যকর থাকবে।

সুইস সরকার জানায়, ভবিষ্যতে কোনো আইনি প্রক্রিয়ায় যদি প্রমাণিত হয় যে এসব অর্থ অবৈধভাবে অর্জিত, তবে সুইজারল্যান্ড নিশ্চিত করবে যেন সেই সম্পদ ভেনেজুয়েলার জনগণের কল্যাণে ব্যবহার করা হয়। তবে এই ব্যবস্থা বর্তমান ভেনেজুয়েলা সরকারের কোনো সদস্যের প্রশাসনিক বা রাজনৈতিক কর্মকাণ্ডে সরাসরি প্রভাব ফেলবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক ঐতিহাসিক বিচার প্রক্রিয়ায় মাদক-সন্ত্রাসবাদের অভিযোগের মুখে দাঁড়িয়ে নিজেকে নির্দোষ দাবি করেছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। শুনানিকালে বিচারকের উদ্দেশে তিনি বলেন, “আমি একজন সজ্জন ব্যক্তি এবং আমি এখনো আমার দেশের প্রেসিডেন্ট।”

নিউইয়র্কের একটি আদালতে অনুষ্ঠিত শুনানিতে মাদুরো তার বিরুদ্ধে আনা আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সঙ্গে সম্পৃক্ততা এবং যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ কোকেন পাচারের ষড়যন্ত্রের সব অভিযোগ অস্বীকার করেন। একই শুনানিতে মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসও তার বিরুদ্ধে আনা মাদক সংক্রান্ত অভিযোগের বিপরীতে নিজেকে নির্দোষ বলে দাবি করেন।

মার্কিন কৌঁসুলিরা অভিযোগ করেছেন, মাদুরো ও তার ঘনিষ্ঠ সহযোগীরা আন্তর্জাতিক মাদক পাচার নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলেন এবং যুক্তরাষ্ট্রে কোকেন পাচারের ষড়যন্ত্রে অংশ নিয়েছেন। তবে মাদুরো এই পুরো বিচার প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং ওয়াশিংটনের ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেছেন।

এই হাই-প্রোফাইল মামলার শুনানিকে কেন্দ্র করে নিউইয়র্কের আদালত চত্বরে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা।

সূত্র: আল-জাজিরা, রয়টার্স