এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
২৫ ডিসেম্বর ২০২৫, ৯:৪৮ অপরাহ্ণ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে ভারত সরকারের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ করেছেন শিখ ধর্মাবলম্বীরা। ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) নামের একটি সংগঠনের ব্যানারে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, যুক্তরাজ্যের লন্ডন, কানাডার টরন্টো ও ভ্যানকুভার, ইতালির মিলান এবং অস্ট্রেলিয়ার মেলবোর্নে এ কর্মসূচি পালন করা হয়।
আজারবাইজানভিত্তিক সংবাদমাধ্যম কালিবার.এজ জানিয়েছে, বিক্ষোভে অংশ নেওয়া শিখ সম্প্রদায়ের সদস্যরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের নীতির তীব্র নিন্দা জানান। তারা অভিযোগ করেন, শিখ অধিকারকর্মী হারদীপ সিং নিজ্জার এবং বাংলাদেশের তরুণ নেতা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে ভারত সরকারের সংশ্লিষ্টতা রয়েছে। বিক্ষোভকারীদের দাবি, নিজ্জার ও হাদি দুজনেই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের প্রভাবের কড়া সমালোচক ছিলেন। এ কারণেই তাদের টার্গেট করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
বিশ্বব্যাপী ভারতবিরোধী এসব প্রতিবাদ কর্মসূচি পর্যবেক্ষণকারী সংস্থা বাকু ইনিশিয়েটিভ গ্রুপ (বিআইজি) জানিয়েছে, গত বুধবার (২৪ ডিসেম্বর) অনুষ্ঠিত বিক্ষোভগুলোর মূল লক্ষ্য ছিল নিজ্জার ও হাদির মৃত্যুর পেছনে ভারতের দায় রয়েছে- এ বিষয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করা।
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তার মৃত্যু হয়। অন্যদিকে, কানাডার শিখ অধিকারকর্মী হারদীপ সিং নিজ্জার ২০২৩ সালে কানাডার ব্র্যাম্পটনে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। শিখ সম্প্রদায়ের পক্ষ থেকে অভিযোগ করা হয়, তার হত্যাকাণ্ডের পেছনেও ভারত সরকারের হাত রয়েছে।
ভারত সরকার অবশ্য হারদীপ সিং নিজ্জারকে পাঞ্জাবের বিচ্ছিন্নতাবাদী ‘খালিস্তানি সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দিয়েছিল। নিজ্জার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ভারত ও কানাডার দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। কানাডা সরকার দাবি করেছে, তাদের ভূখণ্ডে ভারতের গোয়েন্দা কার্যক্রম দেশটির গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ক্ষতিকর।