শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

তুরস্কে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনা প্রধানসহ নিহত ৮


তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে একটি প্রাইভেট জেট বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনা প্রধান মোহাম্মেদ আলি আহমেদ আল-হাদ্দাদসহ আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে লিবিয়ার চারজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও তিনজন ক্রু সদস্য রয়েছেন। প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ হিসেবে বিমানটির বৈদ্যুতিক ত্রুটির কথা জানিয়েছে তুর্কি কর্তৃপক্ষ।

২৪ ডিসেম্বর ২০২৫, ৯:০৬ পূর্বাহ্ণ 

তুরস্কে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনা প্রধানসহ নিহত ৮
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

তুরস্কের রাজধানী আঙ্কারার নিকটবর্তী এলাকায় বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনা প্রধান মোহাম্মেদ আলি আহমেদ আল-হাদ্দাদ এবং তার সঙ্গে থাকা চারজন লিবিয়ান সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় বিমানটির তিনজন ক্রু সদস্যও প্রাণ হারিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ ডেবেইবা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক বিবৃতিতে প্রধানমন্ত্রী ডেবেইবা এ ঘটনাকে ‘মর্মান্তিক দুর্ঘটনা’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “এই দুর্ঘটনা জাতির, সামরিক প্রতিষ্ঠানের এবং সাধারণ মানুষের জন্য একটি বড় ক্ষতি। আমরা এমন ব্যক্তিদের হারালাম যারা আন্তরিকতা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের সঙ্গে দেশকে সেবা করেছেন।”

নিহত অন্য কর্মকর্তারা হলেন- গ্রাউন্ড ফোর্সেস চিফ অব স্টাফ আল-ফিতৌরি ঘারিবিল, মিলিটারি ম্যানুফ্যাকচারিং অথরিটির পরিচালক মাহমুদ আল-কাতাউই, আল-হাদ্দাদের উপদেষ্টা মুহাম্মদ আল-আসাউই দিয়াব এবং মিলিটারি ফটোগ্রাফার মুহাম্মদ ওমর আহমেদ মাহজুব।

আলজাজিরার প্রতিবেদনে তুর্কি কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়, লিবিয়ার রাজধানী ত্রিপোলির উদ্দেশে আঙ্কারা থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটিতে বৈদ্যুতিক ত্রুটি দেখা দেয়। এ সময় পাইলট জরুরি অবতরণের অনুমতি চেয়ে বিমান নিয়ন্ত্রণ কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করেন। তবে বিমানটি নিরাপদে অবতরণ করতে পারেনি।

তুরস্কের প্রেসিডেন্সির কমিউনিকেশন ডিরেক্টরেটের প্রধান বুরহানেত্তিন দুরান সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, লিবিয়ার সরকার ভাড়া করা ওই প্রাইভেট জেটে আল-হাদ্দাদ, তার চার সহযোগী এবং তিনজন ক্রু সদস্য ছিলেন।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, আঙ্কারা থেকে উড্ডয়নের প্রায় দুই কিলোমিটার দূরে হায়মানা অঞ্চলের কেসিককাভাক গ্রাম সংলগ্ন এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। তিনি আরও জানান, দুর্ঘটনার তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে প্রযুক্তিগত ত্রুটির ইঙ্গিত পাওয়া গেছে। তবে সন্ত্রাসী হামলা বা নাশকতার কোনো আলামত এখন পর্যন্ত পাওয়া যায়নি।

উল্লেখ্য, তুর্কি সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে আল-হাদ্দাদ ও তার সফরসঙ্গীরা আঙ্কারায় অবস্থান করছিলেন। সফর শেষে লিবিয়ায় ফেরার পথেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।