শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

সুদানের দক্ষিণ দারফুরে ব্যস্ত মার্কেটে ড্রোন হামলা, নিহত ১০


সুদানের দক্ষিণ দারফুর রাজ্যের একটি ব্যস্ত মার্কেটে ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। তবে এই হামলার পেছনে কারা জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। দেশটিতে চলমান গৃহযুদ্ধের মধ্যেই এ হামলার ঘটনা ঘটল।

২২ ডিসেম্বর ২০২৫, ৯:৪৪ পূর্বাহ্ণ 

সুদানের দক্ষিণ দারফুরে ব্যস্ত মার্কেটে ড্রোন হামলা, নিহত ১০
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

সুদানের দক্ষিণ দারফুরে একটি ব্যস্ত মার্কেটে ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, শনিবার (২০ ডিসেম্বর) এ হামলা চালানো হয় আরএসএফের নিয়ন্ত্রণাধীন মালহার শহরের আল-হারা মার্কেটে। তবে হামলাকারী পক্ষ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

মানবাধিকার সংস্থা নর্থ দারফুর ইমার্জেন্সি রুমস কাউন্সিল জানায়, ড্রোন হামলার পর বাজারের অসংখ্য দোকানে আগুন ধরে যায় এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।এদিকে সুদানের বিভিন্ন এলাকায় সেনাবাহিনী ও প্যারামিলিটারি বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ)-এর মধ্যে সংঘর্ষের তীব্রতা ক্রমেই বাড়ছে। এরই ধারাবাহিকতায় দক্ষিণ দারফুরের এই হামলার ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা পরবর্তীতে রক্তক্ষয়ী গৃহযুদ্ধে রূপ নেয়। এ যুদ্ধে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ। সংঘাতের ফলে দেশটিতে চরম মানবিক সংকট তৈরি হয়েছে এবং বিভিন্ন অঞ্চলে দুর্ভিক্ষ পরিস্থিতি দেখা দিয়েছে।

বিশ্লেষকদের মতে, চলমান সংঘাত ও বেসামরিক এলাকায় হামলার ঘটনায় সুদানের মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করছে।
সূত্র: দ্য নিউ আরব