রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ওড়িশা উপকূলে কার্গো জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২ নাবিক


ভারতের ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে। ‘এমভি ওশান-উইনার’ নামের জাহাজটিতে ২৪ জন নাবিক ছিলেন। তাঁদের মধ্যে ২০ জন চীনের, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক। এখন পর্যন্ত লাইফ র‍্যাফট থেকে দুজনকে উদ্ধার করা হয়েছে।

২৩ আগস্ট ২০২৬, ৯:৫৯ পূর্বাহ্ণ 

ওড়িশা উপকূলে কার্গো জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২ নাবিক
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ভারতের ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। শনিবার (২২ আগস্ট) পানামার পতাকাবাহী ‘এমভি ওশান-উইনার’ নামের জাহাজটি ডুবে যায়। এতে ২৪ জন নাবিক ছিলেন, যাদের মধ্যে একজন বাংলাদেশি। 

জানা গেছে, গত ২০ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করে জাহাজটি। এতে ওড়িশা থেকে তোলা প্রায় ১ হাজার ৭০০ টন লৌহ আকরিক ছিল। জাহাজটিতে থাকা ২৪ নাবিকের মধ্যে ২০ জন চীনের নাগরিক, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক ছিলেন।

শনিবার সকাল ১১টা ৪৮ মিনিটের দিকে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পায় শ্রী বিজয়পুরমের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার। পরে জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কোম্পানি লিমিটেড বিষয়টি জানিয়ে উদ্ধার অভিযানে সহায়তার অনুরোধ করে।

খবর পাওয়ার পর ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। কোস্ট গার্ডের ‘বরদ’ ও ‘অনমোল’ নামের দুটি জাহাজকে ঘটনাস্থলের দিকে পাঠানো হয়। পাশাপাশি শ্রী বিজয়পুরম থেকে ‘বিজিত’ নামের আরও একটি জাহাজ উদ্ধার অভিযানে যুক্ত হয়।

ভারতীয় কোস্ট গার্ড জানিয়েছে, এখন পর্যন্ত লাইফ র‍্যাফট থেকে দুজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে বাকি নাবিকদের অবস্থান সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে, ঘটনাস্থলের আশপাশে থাকা অন্যান্য জাহাজগুলোকে সতর্ক করা হয়েছে। উদ্ধার অভিযানে সহযোগিতার জন্য তাদেরও অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিখোঁজ নাবিকদের সন্ধানে ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।খবর এনডিটিভির।