আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’
২০ জুলাই ২০২৬, ৪:১৩ অপরাহ্ণ
সৌদি আরবে কর্মরত গৃহকর্মীদের আবাসিক অনুমতিপত্র (রেসিডেন্সি পারমিট বা আকামা) ইস্যু ও নবায়নের নিয়মে বড় পরিবর্তন এনেছে দেশটির সরকার। নতুন ব্যবস্থায় নিয়োগকর্তারা এখন থেকে ন্যূনতম তিন মাস মেয়াদে আকামা ইস্যু বা নবায়নের সুযোগ পাবেন। এতে কর্মসংস্থানসংক্রান্ত ব্যয় ব্যবস্থাপনায় আরও নমনীয়তা তৈরি হবে বলে মনে করছে সৌদি কর্তৃপক্ষ।
রোববার (১৯ জুলাই) প্রকাশিত সৌদি গেজেট–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্টস (জাওয়াজাত), মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং জাতীয় নিয়োগ প্ল্যাটফর্ম ‘মুসানেদ’-এর যৌথ উদ্যোগে নতুন এই সেবা চালু করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, গৃহকর্মী ও একই শ্রেণির কর্মীদের জন্য নিয়োগকর্তারা ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১ অথবা ২৪ মাস মেয়াদের রেসিডেন্সি অনুমতিপত্র বেছে নিতে পারবেন। সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় ‘আবশের’ প্ল্যাটফর্মের মাধ্যমে আকামা ইস্যু ও নবায়নের আবেদন করা যাবে।
এর ফলে নিয়োগকর্তাদের আর এক বা দুই বছরের জন্য এককালীন আকামা নবায়ন করতে হবে না। প্রয়োজন ও আর্থিক সক্ষমতা অনুযায়ী নির্ধারিত মেয়াদের জন্য রেসিডেন্সি ফি পরিশোধ করা যাবে। এছাড়া তিন মাস বা তার গুণিতক মেয়াদের আকামা নবায়নের ক্ষেত্রে ত্রৈমাসিক ভিত্তিতে কিস্তিতে ফি পরিশোধের সুযোগও রাখা হয়েছে।
এর আগে গৃহকর্মীদের আকামা নবায়ন সাধারণত এক বা দুই বছরের নির্ধারিত মেয়াদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। একসঙ্গে পুরো অর্থ পরিশোধ করতে হওয়ায় অনেক নিয়োগকর্তার জন্য তা আর্থিকভাবে চাপের ছিল।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই উদ্যোগের লক্ষ্য হলো নিয়োগকর্তাদের আর্থিক ব্যবস্থাপনায় আরও নমনীয়তা আনা, পরিবার ও গৃহকর্মীদের প্রয়োজনের সঙ্গে সেবাকে আরও সামঞ্জস্যপূর্ণ করা এবং আবাসিক সেবা ডিজিটাল ও আধুনিক করা। সরকারের চলমান সেবা আধুনিকায়ন কর্মসূচির অংশ হিসেবে নেওয়া এই সিদ্ধান্তে দেশটিতে কর্মরত বিপুলসংখ্যক প্রবাসী গৃহকর্মী ও তাদের নিয়োগকর্তারা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।