শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসানীতিতে বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র


আন্তর্জাতিক শিক্ষার্থী, বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারী ও বিদেশি সাংবাদিকদের জন্য ভিসানীতিতে বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র। নতুন প্রস্তাব অনুযায়ী, বিদেশি শিক্ষার্থীদের আর অনির্দিষ্ট সময় থাকার সুযোগ থাকবে না; সর্বোচ্চ চার বছরের জন্য ভিসা দেওয়া হবে।

১৭ জুলাই ২০২৬, ৯:৩৭ পূর্বাহ্ণ 

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসানীতিতে বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষায় আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নতুন নীতিমালার আওতায় বিদেশি শিক্ষার্থী, বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণকারী এবং বিদেশি সাংবাদিকদের ভিসার মেয়াদ নির্দিষ্ট করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক বিভাগ (ডিএইচএস) এ-সংক্রান্ত নতুন নিয়ম জারি করেছে।

বর্তমানে বিদেশি শিক্ষার্থীরা তাদের শিক্ষা কার্যক্রম চলমান থাকা পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থানের সুযোগ পান। তবে নতুন নিয়ম কার্যকর হলে আন্তর্জাতিক শিক্ষার্থীরা একবারে সর্বোচ্চ চার বছরের জন্য ভিসা পাবেন। নির্ধারিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে থাকতে চাইলে ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে হবে অথবা দেশ ছেড়ে পুনরায় নতুন ভিসার জন্য আবেদন করতে হবে।

নতুন নীতিতে বিদেশি সাংবাদিকদের ক্ষেত্রেও সময়সীমা নির্ধারণ করা হয়েছে। একবারে সর্বোচ্চ ২৪০ দিনের জন্য তারা যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি পাবেন। তবে চীনা সাংবাদিকদের জন্য এই সময়সীমা সর্বোচ্চ ৯০ দিন নির্ধারণ করা হয়েছে। ডিএইচএস জানিয়েছে, ফেডারেল রেজিস্টারে প্রকাশের ৬০ দিন পর নতুন নিয়ম কার্যকর হবে। তবে এর আগে কংগ্রেসের পর্যালোচনা সম্পন্ন করতে হবে।

বিশ্লেষকদের মতে, নতুন এ নীতি আগামী আগস্ট ও সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। ডিএইচএসের দাবি, গত বছর রেকর্ডসংখ্যক আন্তর্জাতিক শিক্ষার্থী স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন। ফলে তাদের কার্যকরভাবে নজরদারি করা প্রশাসনের জন্য আরও কঠিন হয়ে উঠেছে। এ কারণেই ভিসা ব্যবস্থায় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে অভিবাসন আইনজীবী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় এই সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, নতুন নিয়মের ফলে বিদেশি শিক্ষার্থীদের পড়াশোনা, গবেষণা ও শিক্ষাদানের ব্যয় এবং প্রশাসনিক জটিলতা বাড়তে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক মেধাবীদের কাছে উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে যুক্তরাষ্ট্রের আকর্ষণও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।