শনিবার, ১১ জুলাই, ২০২৬

আজ বিশ্ব জনসংখ্যা দিবস


যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে আজ ১১ জুলাই বাংলাদেশে পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস। ১৯৯০ সালের এই দিনে বিশ্বের ৯০টি দেশে প্রথমবারের মতো দিবসটি উদযাপন শুরু হয়েছিল। সেই ধারাবাহিকতায় তরুণ প্রজন্মের সম্ভাবনাকে কাজে লাগিয়ে টেকসই ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে এবছরও বাংলাদেশে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হচ্ছে।

১১ জুলাই ২০২৬, ৯:৪৬ পূর্বাহ্ণ 

আজ বিশ্ব জনসংখ্যা দিবস
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

তরুণ প্রজন্মকে জাতীয় অগ্রগতির মূল চালিকাশক্তিতে রূপান্তর করার অঙ্গীকার নিয়ে দেশজুড়ে উদযাপিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’।

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। বাণীতে জনসংখ্যা সম্পর্কিত চ্যালেঞ্জ মোকাবিলা এবং দেশের টেকসই উন্নয়নে তরুণদের ভূমিকা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

দিবসটি উদযাপন উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন উপস্থিত থাকবেন।

দিবসটির তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতার এবং বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করা হচ্ছে। পাশাপাশি জাতীয় দৈনিক সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে।

১৯৮৯ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) গভর্নিং কাউন্সিল জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বৈশ্বিক সচেতনতা বৃদ্ধি ও জরুরি মনোযোগ আকর্ষণের লক্ষ্যে প্রতি বছর ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালনের সিদ্ধান্ত নেয়। এর পর থেকে ১৯৯০ সাল থেকে প্রতি বছর বিশ্বজুড়ে নিয়মিতভাবে দিবসটি উদযাপিত হয়ে আসছে।