শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

ইরান থেকে ফিরতে সীমান্তে অপেক্ষায় বাংলাদেশিরা


ইরানে সাম্প্রতিক মার্কিন-ইসরাইলি হামলার পর উদ্বেগের মধ্যে দেশে ফিরতে আজারবাইজান সীমান্তে অপেক্ষা করছেন দুই শতাধিক বাংলাদেশি। ইমিগ্রেশন জটিলতায় তাদের যাত্রায় বিলম্ব হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

২০ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ণ 

ইরান থেকে ফিরতে সীমান্তে অপেক্ষায় বাংলাদেশিরা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ইরানে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ও মার্কিন-ইসরাইলি হামলার ঘটনার পর সেদেশে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ বাড়ছে। দেশে ফেরার আশায় বিভিন্ন শ্রেণি ও পেশার দুই শতাধিক বাংলাদেশি বর্তমানে ইরান-আজারবাইজান সীমান্তের আস্তারা এলাকায় অপেক্ষা করছেন।

তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস তাদের স্বদেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে। দূতাবাস প্রধান এইচ এম বনান জানিয়েছেন, গতকাল বিকেলে প্রায় দুই শতাধিক বাংলাদেশিকে নিয়ে ৯টি বাসে করে তারা ইরান থেকে পার্শ্ববর্তী দেশ আজারবাইজানের সীমান্তের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাবেয়া সুলতানাসহ অন্যান্য কর্মকর্তারাও স্বদেশে ফিরতে ইচ্ছুক যাত্রীদের সঙ্গে রয়েছেন এবং তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করছেন।

যাত্রীদের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, আজারবাইজানের বাকু বিমানবন্দরে পৌঁছে দেওয়ার জন্য ৬টি গাড়ি প্রস্তুত রাখা হলেও সীমান্তে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে সময় বেশি লাগছে। ফলে যাত্রীদের যাত্রা বিলম্বিত হচ্ছে। এর আগে বৃহস্পতিবার ইরানের উত্তরাঞ্চলীয় বন্দর আঞ্জালিতে মার্কিন-ইসরাইলি হামলার ঘটনায় সীমান্ত সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পাশাপাশি নির্ধারিত অফিস সময়ের মধ্যে গাড়ি সীমান্তে পৌঁছাতে না পারায় জটিলতা আরও বেড়েছে। উল্লেখ্য, ইরান-আজারবাইজান সীমান্তের আস্তারা এলাকা আঞ্জালি বন্দরের কাছাকাছি অবস্থিত।

জানা গেছে, বিকেল পাঁচটায় ফ্লাইট ছাড়ার কথা থাকলেও ইমিগ্রেশন বিলম্বের কারণে তা পরিবর্তন করে সন্ধ্যা সাতটায় নির্ধারণ করা হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে যাত্রীরা বিমানবন্দরে পৌঁছাতে পারবেন কি না তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সীমান্ত থেকে বাকু বিমানবন্দরে পৌঁছাতে অন্তত চার ঘণ্টা সময় লাগতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে, স্বদেশগামী যাত্রীদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে যাত্রীদের দ্রুত বিমানবন্দরে নিয়ে গিয়ে দেশে ফেরানোর ব্যবস্থা করা হবে বলে দূতাবাস সূত্রে জানা গেছে।