শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

কাবুলে বিমান হামলার অভিযোগ, নিহত প্রায় ৪০০


আফগানিস্তানের রাজধানী কাবুল-এর একটি পুনর্বাসন হাসপাতালে বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান সরকার। তবে এ অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান।

১৭ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ণ 

কাবুলে বিমান হামলার অভিযোগ, নিহত প্রায় ৪০০
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আফগানিস্তানের রাজধানী কাবুল-এ একটি মাদকাসক্তদের চিকিৎসা কেন্দ্রে ভয়াবহ বিমান হামলার অভিযোগ উঠেছে। তালেবান সরকারের দাবি, এ হামলায় অন্তত ৪০০ জন নিহত এবং আরও প্রায় ২৫০ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে তালেবান সরকারের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানান, সোমবার রাত প্রায় ৯টার দিকে কাবুলের একটি ২ হাজার শয্যার পুনর্বাসন হাসপাতালে এই হামলা চালানো হয়। এতে চিকিৎসাধীন বহু রোগী হতাহত হন এবং হাসপাতালের বড় অংশ ধ্বংস হয়ে যায়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তালেবান সরকারের মুখপাত্র জাবিহুউল্লাহ মুজাহিদ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, পাকিস্তান আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। তিনি এ ঘটনাকে “মানবতার বিরুদ্ধে অপরাধ” হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানান।

তবে এসব অভিযোগ সরাসরি নাকচ করেছে পাকিস্তান। দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, কাবুলের কোনো হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালানো হয়নি। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, আফগানিস্তানের কাবুল ও পূর্বাঞ্চলীয় নাঙ্গারহার প্রদেশে “নির্ভুলভাবে সামরিক স্থাপনা” লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম তোলো নিউজ জানিয়েছে, কাবুলের নবম পুলিশ জেলায় অবস্থিত একটি মাদক পুনর্বাসন কেন্দ্র লক্ষ্য করেই হামলাটি হয়েছে, যেখানে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনা এমন এক সময় ঘটলো, যখন আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক সময়ে একাধিক দফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটছে। বিশ্লেষকদের মতে, এটি দুই দেশের মধ্যে সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে তীব্র উত্তেজনার একটি উদাহরণ।

তথ্যসূত্র: এনডিটিভি, তোলো নিউজ