বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

ইরানে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত


ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করেছে বলে জানিয়েছেন কাউন্সিলের সদস্য আহমাদ আলামোলহোদা। তবে নির্বাচিত নেতার নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

৮ মার্চ ২০২৬, ৭:৩৬ অপরাহ্ণ 

ইরানে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সদস্য আহমাদ আলামোলহোদা জানিয়েছেন, কাউন্সিলের বৈঠকে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগে কিছু প্রক্রিয়া এখনো বাকি রয়েছে।

ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, আলামোলহোদা জানিয়েছেন যে কাউন্সিলের সংখ্যাগরিষ্ঠ সদস্য নতুন নেতার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন। তিনি বলেন, এখনো কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া বাকি আছে। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই নতুন সর্বোচ্চ নেতার নাম প্রকাশ করা হবে।

এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়ার দায়িত্ব রয়েছে অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সচিবালয়ের প্রধান হোসেইনি বুশেহরির ওপর। তিনি আনুষ্ঠানিকভাবে নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করবেন।

অ্যাসেম্বলি অব এক্সপার্টস হচ্ছে ইরানের ৮৮ জন জ্যেষ্ঠ ধর্মীয় আলেমের একটি কাউন্সিল, যারা জনপ্রিয় ভোটে নির্বাচিত হন। ইরানের সর্বোচ্চ নেতা পদ শূন্য হলে নতুন নেতা নির্বাচনের দায়িত্ব এই কাউন্সিলের ওপর ন্যস্ত থাকে। এর আগে ইসরায়েল সতর্ক করে বলেছে, ইরানে যাকেই নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করা হবে তাকেও লক্ষ্যবস্তু করা হতে পারে।

উল্লেখ্য, গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

সূত্র: বিবিসি।