ব্ল্যাকমেইলিং অভিযোগ • ব্যক্তিগত ভিডিও ছড়ানোর অভিযোগ, ফেসবুক লাইভে মুখ খুললেন ফারিন
১৯ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ণ
রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৬০টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, বিস্ফোরক ও অন্যান্য আলামত উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির বিভিন্ন বিভাগ ও গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে এসব গ্রেফতারের ঘটনা ঘটে।
ডিএমপির বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৪৩ জন, লালবাগে ৫৪ জন, ওয়ারীতে ৭৪ জন, মতিঝিলে ৪৩ জন, তেজগাঁওয়ে ৯১ জন, মিরপুরে ১০৩ জন, গুলশানে ৬৬ জন, উত্তরা বিভাগে ৪৬ জন, স্পেশাল রিজার্ভ ইউনিটে (এসআরইউ) ৭ জন এবং গোয়েন্দা বিভাগে ১০ জন রয়েছেন।
অভিযানকালে পুলিশ ৪টি ককটেল, বিস্ফোরিত ককটেলের ১৩টি অংশ, ২ কেজি ২৯০ গ্রাম গানপাউডার, ১১ হাজার ৬১৫ পিস ইয়াবা, ১০ কেজি ৩০০ গ্রাম ও ১ পুরিয়া গাঁজা, ২ দশমিক ২ গ্রাম হেরোইন এবং ৪ বোতল দেশি মদ উদ্ধার করে।
এ ছাড়া একটি ট্রাক, ৫টি মোটরসাইকেল, ১৮ কেজি তামার তার ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।