শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বিমানবন্দরে পায়ুপথে ‘সোনার ডিম’, যাত্রীর কাছ থেকে ১ কেজি ২৯০ গ্রাম পেস্ট উদ্ধার


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এক যাত্রীর পায়ুপথে বিশেষ কৌশলে লুকিয়ে আনা তিনটি ডিম্বাকৃতির সোনার পেস্ট উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। উদ্ধার করা পেস্টের মোট ওজন ১ কেজি ২৯০ গ্রাম। কাস্টমসের হিসাবে, পরিশোধনের পর এতে প্রায় ১ কেজি সোনা পাওয়া যেতে পারে, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।

৮ অক্টোবর ২০২৬, ৮:১৯ অপরাহ্ণ 

বিমানবন্দরে পায়ুপথে ‘সোনার ডিম’, যাত্রীর কাছ থেকে ১ কেজি ২৯০ গ্রাম পেস্ট উদ্ধার
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পায়ুপথে বিশেষ কৌশলে লুকিয়ে আনা তিনটি ডিম্বাকৃতির সোনার পেস্ট উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। উদ্ধার করা পেস্টের মোট ওজন ১ কেজি ২৯০ গ্রাম। কাস্টমসের হিসাবে, পরিশোধনের পর এতে প্রায় ১ কেজি সোনা পাওয়া যেতে পারে, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার জি৯-৫১৮ ফ্লাইটে ঢাকায় আসেন ওই যাত্রী।

ঢাকা কাস্টমস হাউস সূত্র জানায়, সোনা চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি চালাচ্ছিল প্রিভেন্টিভ টিম। এরই ধারাবাহিকতায় ইমিগ্রেশন শেষে ব্যাগেজ বেল্ট-২ এলাকায় যাত্রী আরমান উদ্দিন সিদ্দিকীকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করা হয়।

তল্লাশির একপর্যায়ে তার পায়ুপথে বিশেষভাবে লুকানো সাদা স্কচটেপে মোড়ানো তিনটি ডিম্বাকৃতির পেস্টসদৃশ বস্তু পাওয়া যায়। পরে পরীক্ষা করে সেগুলো সোনার পেস্ট বলে শনাক্ত করা হয়। কাস্টমসের তথ্য অনুযায়ী, তিনটি ডিম্বাকৃতির পেস্টের প্রতিটির ওজন প্রায় ৪৩০ গ্রাম করে। সব মিলিয়ে এর ওজন দাঁড়ায় ১ হাজার ২৯০ গ্রাম।

উদ্ধার করা সোনার বিশুদ্ধতা ২৪ ক্যারেট বলে জানিয়েছে কাস্টমস। স্বর্ণকারের প্রত্যয়ন অনুযায়ী, পেস্টগুলো পরিশোধন করা হলে আনুমানিক ১ হাজার গ্রাম বা ১ কেজি সোনা পাওয়া যেতে পারে। উদ্ধার করা সোনার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা। এ ঘটনায় যাত্রী আরমান উদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের পক্ষ থেকে ফৌজদারি মামলা দায়েরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।