শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

খালেদা জিয়াকে কোথায় দাফন করা হবে?


বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

৩০ ডিসেম্বর ২০২৫, ৯:৪২ পূর্বাহ্ণ 

খালেদা জিয়াকে কোথায় দাফন করা হবে?
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বাংলাদেশের রাজনীতির অন্যতম ব্যক্তিত্ব, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।

খালেদা জিয়ার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোক ও বেদনার সঞ্চার হয়েছে। দেশ হারাল এক সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রীকে, আর বিএনপি হারাল তাদের প্রতিষ্ঠাতা নেত্রীকে।

বিবিসিকে দেওয়া তথ্যে জানা গেছে, আগামীকাল বুধবার বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, জানাজা শেষে সংসদ ভবন এলাকার পাশে অবস্থিত জিয়া উদ্যানে, তার স্বামী ও বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে বেগম খালেদা জিয়াকে দাফন করা হতে পারে।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি গুরুতর অসুস্থতায় ভুগছিলেন এবং সর্বশেষ আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল এবং সংকটাপন্ন বলে জানিয়েছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়া দুইবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। স্বৈরাচারবিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বহুদলীয় রাজনীতিতে তার ভূমিকা বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। শোকাহত জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করছে সাবেক এই প্রধানমন্ত্রীকে।