মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া-খালেদার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা


বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দলের কেন্দ্রীয় নেতাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ণ 

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া-খালেদার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে যান তারেক রহমান। এ সময় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে তিনি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সকালে দলের নেতাদের নিয়ে সমাধিস্থলে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি ফাতেহা পাঠ করেন এবং প্রয়াত দুই নেতার আত্মার মাগফিরাত কামনায় মুনাজাতে অংশ নেন।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান, সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং দলের অন্যান্য জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। তিনি দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। দলের পক্ষ থেকে বলা হয়, দেশের স্বাধীনতা সংগ্রামে জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণে অনুপ্রাণিত করেন।

স্বাধীনতা, সার্বভৌমত্বের সুরক্ষা ও গণতন্ত্র- এই তিনটি মূল প্রত্যয় সামনে রেখে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান। পরবর্তীতে এসব আদর্শকে সামনে রেখে দলটি দেশের উন্নয়ন ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তোলার রাজনীতি করেছে বলেও দাবি করা হয়। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটি পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। এসব কর্মসূচিতে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেবেন।