শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

অবশেষে দেশে তারেক রহমান, স্বাগত জানালেন দলের শীর্ষ নেতারা


দীর্ঘ প্রায় দেড় যুগ পর অবশেষে মাতৃভূমিতে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

২৫ ডিসেম্বর ২০২৫, ১:০৫ অপরাহ্ণ 

অবশেষে দেশে তারেক রহমান, স্বাগত জানালেন দলের শীর্ষ নেতারা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

অবশেষে দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্যরা ও শীর্ষ নেতারা। এ সময় বিমানবন্দর এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও আবেগঘন পরিবেশ লক্ষ্য করা যায়।তারেক রহমানের সঙ্গে দেশে ফিরেছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের সঙ্গে তার দেশে প্রত্যাবর্তনকে দলের নেতাকর্মীরা ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখছেন।

বিমানবন্দর থেকে বের হয়ে তারেক রহমান ঢাকার ৩০০ ফিট সড়কে বিএনপির আয়োজিত গণসংবর্ধনা সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে। সেখানে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন বলে জানিয়েছেন দলীয় সূত্র।

গণসংবর্ধনা শেষে তিনি সরাসরি বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার মায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। দীর্ঘ সময় পর দেশে ফিরে প্রথমেই পরিবারের সদস্যের খোঁজ নেওয়াকে মানবিক ও আবেগপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

তারেক রহমানের এই প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির রাজনীতিতে তার সক্রিয় উপস্থিতি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।