এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
২১ ডিসেম্বর ২০২৫, ৮:৫৭ অপরাহ্ণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সামনে আমাদের অনেক কাজ রয়েছে এবং এসব কাজ সম্পন্ন করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির নেতাকর্মী হোক বা অন্য রাজনৈতিক দলের কর্মী- যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, দেশকে সামনে এগিয়ে নেওয়া তাদের সবার দায়িত্ব।
রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে জুলাই শহীদদের স্মরণে নির্মিত ডিজিটাল স্মৃতিস্তম্ভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তারেক রহমান বলেন, ‘ওসমান হাদি গণতন্ত্রের পথেই ছিলেন। তিনি একজন প্রার্থী ছিলেন এবং ভোট ও গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করতেন।’ তিনি বলেন, শহীদ হাদি, জুলাইয়ের শহীদ ও যোদ্ধা এবং ১৯৭১ সালের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান রাখতে হলে দেশের মানুষের জন্য শান্তি প্রতিষ্ঠাই আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত।তিনি আরও বলেন, দেশের জন্য কাজ করা এবং দেশকে সামনে এগিয়ে নেওয়াই আমাদের মূল উদ্দেশ্য। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য একটাই—‘করবো কাজ, গড়বো দেশ; সবার আগে বাংলাদেশ’।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্বৈরাচারী সরকার দেশের প্রতিটি সেক্টরকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। দেশকে সেই ধ্বংসের কিনারা থেকে আবার গড়ে তুলতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। তিনি সতর্ক করে বলেন, সামনের দিনগুলো খুব সহজ হবে না। দেশের বিভিন্ন স্থানে অরাজক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এবং কেউ কেউ ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
তারেক রহমান বলেন, দেশের প্রায় বিশ কোটি মানুষের জন্য একটি কার্যকর ও মানবিক চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্নত ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং শিক্ষকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। তিনি বলেন, দেশের মোট জনগোষ্ঠীর প্রায় অর্ধেক নারী। নারীরা পিছিয়ে থাকলে দেশ এগোতে পারে না। তাই নারীদের শিক্ষিত করা এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে কাজ করতে হবে।
জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, সাইফুল ইসলাম, সাবেক সংসদ সদস্য জিএম সিরাজ, সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, আলী আজগর তালুকদার হেনা, মাফতুন আহম্মেদ খান রুবেলসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।