শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার দুটি আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) বগুড়া জেলা নির্বাচন কার্যালয় থেকে পৃথক সময়ে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

২১ ডিসেম্বর ২০২৫, ২:৫৯ অপরাহ্ণ 

খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বগুড়া-৬ (সদর) আসনে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে শহরের গোহাইল রোডে অবস্থিত জেলা নির্বাচন কার্যালয় থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। মনোনয়ন উত্তোলন শেষে তিনি বলেন, “বগুড়া-৭ আসন থেকে বেগম খালেদা জিয়া টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবার আমরা তাকে ইতিহাসের সর্বোচ্চ ভোট উপহার দিতে চাই। এ এলাকার মানুষ তাকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।” অন্যদিকে, দুপুর সাড়ে ১২টায় বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছ থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, সাবেক আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপির সভাপতি মাহফতুন আহম্মেদ খান রুবেল, কেএম খায়রুল বাশারসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উল্লেখ্য, ২০০৭ সালের এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর তারেক রহমান গ্রেপ্তার হন। পরবর্তীতে ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।

দীর্ঘ ১৮ বছর পর আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে দেশে ফিরছেন। ওইদিন বেলা ১১টা ৫৫ মিনিটে তাদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।