শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

মবোক্রেসি সরকারের দুর্বলতার ফল, কঠোর হস্তে দমন করতে হবে: সালাহউদ্দিন আহমদ


দেশে মবোক্রেসি বা উচ্ছৃঙ্খল জনতার আধিপত্য সরকারের দুর্বলতার ফল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এসব ঘটনা কঠোর হস্তে দমন করতে হবে এবং বাংলাদেশে মবোক্রেসির কোনো স্থান নেই।

২১ ডিসেম্বর ২০২৫, ২:৫৩ অপরাহ্ণ 

মবোক্রেসি সরকারের দুর্বলতার ফল, কঠোর হস্তে দমন করতে হবে: সালাহউদ্দিন আহমদ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে যেসব মবোক্রেসির ঘটনা ঘটছে, তা মূলত সরকারের দুর্বলতার বহিঃপ্রকাশ। এসব কেন হচ্ছে—এই প্রশ্নের উত্তর একটাই, সরকার কঠোর অবস্থান নিতে ব্যর্থ হচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, “এই বাংলাদেশে মবোক্রেসি দেখতে চাই না। এগুলো কঠোর হস্তে দমন করতে হবে।”

রোববার রাজধানীর বনানীতে গণমাধ্যম সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সালাহউদ্দিন আহমদ বলেন, সাংবাদিকদের ব্যক্তিগতভাবে ভিন্ন ভিন্ন আদর্শ ও বিশ্বাস থাকতে পারে, যা স্বাভাবিক। তবে দেশের প্রশ্নে নিরপেক্ষ থাকার সুযোগ নেই। তিনি বলেন, “দেশের পক্ষে থাকতে হবে। দেশের স্বার্থ সবার ঊর্ধ্বে।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন প্রসঙ্গে তিনি বলেন, তার ফিরে আসার মাধ্যমে দেশে গণতন্ত্রের ভিত্তি আরও মজবুত হবে বলে বিএনপি আশা করে। এ ক্ষেত্রে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা ও সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। সালাহউদ্দিন আহমদ আরও বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য বিএনপি সবার সহযোগিতা চায়। এই সহযোগিতা কোনো ব্যক্তি বা দলের জন্য নয়, বরং রাষ্ট্র ও গণতন্ত্রের স্বার্থে। তিনি বলেন, “আমরা অতীতের ভুল ভুলে যেতে চাই, কিন্তু ফ্যাসিস্ট আমলের দুঃশাসনের স্মৃতি ভুলে গেলে চলবে না।”

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিক ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও গণমাধ্যমের ভূমিকা নিয়েও আলোচনা হয়।