শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

হাদিকে হত্যাচেষ্টার মধ্য দিয়ে ফ্যাসিস্টরা মাথাচাড়া দিতে চাচ্ছে: মির্জা ফখরুল


ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনাকে পরাজিত ফ্যাসিস্ট শক্তির পুনরুত্থানের অপচেষ্টা হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৪ ডিসেম্বর ২০২৫, ৩:৩৪ অপরাহ্ণ 

হাদিকে হত্যাচেষ্টার মধ্য দিয়ে ফ্যাসিস্টরা মাথাচাড়া দিতে চাচ্ছে: মির্জা ফখরুল
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আজ রাজধানীর কাকরাইলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শরিফ ওসমান হাদিকে হত্যার চেষ্টার মধ্য দিয়ে পরাজিত ফ্যাসিস্ট শক্তি আবারও মাথাচাড়া দিতে চাইছে। তিনি অভিযোগ করেন, একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিএনপিকে হেয় করার একটি অপচেষ্টা চলছে। তবে এসব ষড়যন্ত্র সফল হবে না বলে মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “সোশাল মিডিয়াকে ব্যবহার করে বিএনপিকে হীন করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু তারা সফল হতে পারবে না। তরুণ প্রজন্মকে এসব অপচেষ্টা রুখে দিতে হবে।” তিনি তরুণদের গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, এবারের নির্বাচনে মূলত দুটি শক্তির লড়াই হবে। একটি হলো উদার গণতন্ত্রপন্থি শক্তি, আরেকটি হলো পিছিয়ে পড়া ও বিভাজনমূলক শক্তি। তিনি দাবি করেন, “যারা ধর্মের নামে দেশকে বিভক্ত করতে চায়, সেই শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠছে, যেভাবে তারা ১৯৭১ সালে উঠেছিল। এখন তারা এমন ভঙ্গি করছে যেন তারাই নতুন বাংলাদেশ নির্মাণ করবে।”

তিনি আরও বলেন, “নতুন ফ্যাসিস্ট শক্তিকে আবার জাগতে আমরা দিতে পারি না। দেশকে পিছিয়ে পড়ার দিকে ঠেলে দেওয়ার সুযোগ নেই। আসন্ন নির্বাচনে বাংলাদেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে বলে আমি বিশ্বাস করি।”অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। তিনি বলেন, নির্বাচনে কোন কোন শক্তি অংশগ্রহণ করছে, তা জনগণের কাছে এখন পরিষ্কার। বিএনপির একটি গৌরবোজ্জ্বল অতীত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেই অতীত ও অবদান জনগণের সামনে বিশ্লেষণ করতে হবে। পাশাপাশি যারা ধর্মের নামে বিভক্তি সৃষ্টি করে, তাদেরও একটি অতীত আছে—যা কোনোভাবেই গৌরবোজ্জ্বল নয় বলে মন্তব্য করেন তিনি।

আলোচনা সভায় দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচন নিয়ে নানা বক্তব্য তুলে ধরেন।