বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

'আবু সাঈদের ছবি ছাড়া সেটি কোনো ডকুমেন্টারি নয়'- হাফিজ উদ্দিন


জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে নির্মিত রাষ্ট্রীয় ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের ছবি না থাকাকে বড় ধরনের ত্রুটি বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, আবু সাঈদ জুলাই বিপ্লবের প্রতীক; তার ছবি ছাড়া সেই নির্মাণকে ডকুমেন্টারি বলা যায় না। একই সঙ্গে ডকুমেন্টারিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবিও না থাকায় অসন্তোষ প্রকাশ করেন তিনি।

৫ আগস্ট ২০২৬, ৬:৩৫ অপরাহ্ণ 

'আবু সাঈদের ছবি ছাড়া সেটি কোনো ডকুমেন্টারি নয়'- হাফিজ উদ্দিন
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

জুলাই শহীদ দিবস উপলক্ষে প্রদর্শিত রাষ্ট্রীয় ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের ছবি না থাকাকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তার ভাষায়, আবু সাঈদ জুলাই গণ-অভ্যুত্থানের প্রতীক। তাই তার ছবি বাদ দিয়ে নির্মিত কোনো প্রামাণ্যচিত্রকে ডকুমেন্টারি বলা যায় না।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। হাফিজ উদ্দিন আহমদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে নির্মিত ডকুমেন্টারিতে একাধিক ভুল রয়েছে। সবচেয়ে বড় ভুল হলো সেখানে শহীদ আবু সাঈদের ছবি না থাকা। তিনি বলেন, ‘আবু সাঈদ বিপ্লবের প্রতিচ্ছবি, প্রতীক। তার ছবি না থাকলে এটিকে কোনো ডকুমেন্টারি বলা যায় না।’

তিনি আরও বলেন, ডকুমেন্টারিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবিও অন্তর্ভুক্ত করা হয়নি। এ বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইতোমধ্যে দুঃখ প্রকাশ করেছেন উল্লেখ করে তিনি বলেন, ‘ক্ষমা চাওয়ার পর আমাদের শান্ত থাকা উচিত ছিল। বিষয়টি পুষে রেখে সংসদের মতো ওয়াকআউট করাটা বাঞ্ছনীয় নয়।’

সরকারের উদ্দেশে বক্তব্যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, ‘এই সরকার আপনাদের নির্বাচিত সরকার। আমাদের কোনো ভুল হলে সেটি শুধরে দেবেন। আমরা আওয়ামী লীগ হতে পারব না। আওয়ামী লীগের মধ্যে কোনো লজ্জাবোধ নেই।’ এর আগে অনুষ্ঠানে প্রদর্শিত জুলাই গণ-অভ্যুত্থানভিত্তিক ডকুমেন্টারিকে ঘিরে মিলনায়তনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ডকুমেন্টারি প্রদর্শন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের একটি অংশ প্রতিবাদ জানিয়ে দাঁড়িয়ে যান এবং উচ্চস্বরে আপত্তি তোলেন।

প্রতিবাদকারীদের অভিযোগ, ডকুমেন্টারিতে জুলাই গণ-অভ্যুত্থানের প্রকৃত ইতিহাস, আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ এবং শহীদদের আত্মত্যাগ যথাযথভাবে তুলে ধরা হয়নি। তাদের দাবি, আন্দোলনের নানা গুরুত্বপূর্ণ অধ্যায় উপেক্ষিত হওয়ায় নির্মিত প্রামাণ্যচিত্রটি বাস্তব ইতিহাসের পূর্ণাঙ্গ প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে।