শুক্রবার, ১২ জুন, ২০২৬

আজ থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট ও শপিংমল


সারা দেশে আজ বৃহস্পতিবার (১১ জুন) থেকে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট, বিপণিবিতান ও শপিংমল খোলা রাখা যাবে। ব্যবসায়ীদের দাবির মুখে সরকারের পক্ষ থেকে দোকানপাট খোলা রাখার সময়সীমা বাড়ানোর এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আজ থেকেই কার্যকর হবে। বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

১১ জুন ২০২৬, ৪:৪৪ অপরাহ্ণ 

আজ থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট ও শপিংমল
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এতদিন সারা দেশে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের দোকানপাট ও শপিংমল বন্ধ করার সরকারি নির্দেশনা কার্যকর ছিল। তবে এই সময়সীমা সংক্ষিপ্ত হওয়ায় খুচরা ব্যবসায় মন্দাভাব দেখা দেওয়ায় তা বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন ব্যবসায়ীরা।

এরই পরিপ্রেক্ষিতে আজ দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী মোবাইল ফোনে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিনকে সরকারের নতুন এই সিদ্ধান্তের কথা জানান। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে প্রতিদিন বেলা ১১টা থেকে শুরু করে রাত ৯টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা শপিংমল ও ব্যবসা-প্রতিষ্ঠানের কার্যক্রম চালু রাখা যাবে।

ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি মেনে নেওয়ায় বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রী এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে বিশেষ ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, এই সিদ্ধান্তের ফলে ব্যবসায়ী, কর্মচারী ও ক্ষুদ্র উদ্যোক্তারা তাদের লোকসান কাটিয়ে উঠে ব্যবসার স্বাভাবিক গতি ফিরে পাবেন।

উল্লেখ্য, এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাময়িকভাবে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছিল বিদ্যুৎ বিভাগ। তবে ঈদ উৎসব শেষ হওয়ার পরপরই আবারও আগের নিয়মে সন্ধ্যা ৭টায় দোকান-ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশনা জারি করা হয়েছিল। আজ থেকে কার্যকর হওয়া নতুন এই সিদ্ধান্তের ফলে ব্যবসায়ী ও ক্রেতা সাধারণ উভয় পক্ষই বড় ধরনের স্বস্তি পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।