মঙ্গলবার, ১২ মে, ২০২৬

ঈদে মহাসড়কের পাশে গরুর হাট নয়, যানজট এড়াতে ৬৯ মোবাইল কোর্ট: সড়কমন্ত্রী


আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কের ওপর বা পাশে কোনো পশুর হাট বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকার বিভিন্ন স্থানে ৬৯টি মোবাইল কোর্ট পরিচালনার কথাও জানান তিনি।
ঈদে মহাসড়কের পাশে গরুর হাট নয়, যানজট এড়াতে ৬৯ মোবাইল কোর্ট: সড়কমন্ত্রী
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আসন্ন পবিত্র কুরবানি ঈদ উপলক্ষে মহাসড়কে যানজট ও ভোগান্তি কমাতে কঠোর অবস্থানের কথা জানিয়েছে সরকার। সড়ক পরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, হাইওয়ে সড়কের ওপর বা পাশে কোনো গরুর হাট বসতে দেওয়া হবে না।

সোমবার (১১ মে) সচিবালয়ে সড়ক পরিবহণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, ঈদযাত্রায় ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলায় যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৬৯টি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এর মাধ্যমে সড়কে অযাচিত যানজট ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা হবে।

তিনি বলেন, “ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বেও একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।”

শেখ রবিউল আলম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার ভিত্তিতে রেলপথ, নৌপরিবহণ এবং সড়ক পরিবহণ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো পৃথকভাবে প্রস্তুতি সভা করেছে।

ঈদ উপলক্ষে বিপুলসংখ্যক পশুবাহী ট্রাক সড়কে চলাচল করবে উল্লেখ করে মন্ত্রী বলেন, রাজধানীর ধোলাইপাড় বাসস্ট্যান্ড, আব্দুল্লাহপুর ও গাবতলী এলাকায় সার্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে।তিনি যাত্রীদের উদ্দেশে বলেন, যত্রতত্র বাসে ওঠানামা না করতে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে পরিবহন মালিকদেরও নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা নির্ধারিত স্থান ছাড়া যাত্রী ওঠানামা না করান।

সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি। কোথাও বড় ধরনের যানজট সৃষ্টি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।নৌপথে যাত্রী চলাচল নিয়েও কিছু নির্দেশনার কথা জানান মন্ত্রী। তিনি বলেন, “কেউ স্পিডবোট বা ছোট নৌকা থেকে সরাসরি লঞ্চে উঠতে পারবে না। তবে টার্মিনাল দিয়ে নিরাপদভাবে ওঠানামার ব্যবস্থা রাখা হয়েছে।”

ফেরি পারাপারের বিষয়ে তিনি বলেন, ফেরিতে ওঠার আগে যাত্রীদের বাস থেকে নামিয়ে দিতে হবে। পাশাপাশি ফেরিতে ওঠার আগে যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং পল্টুন এলাকায় ব্যারিকেড স্থাপনের ব্যবস্থাও নেওয়া হয়েছে।মন্ত্রী আরও জানান, ঈদযাত্রায় চাপ কমাতে গার্মেন্টস শ্রমিকদের ধাপে ধাপে তিন দিনে ছুটি দেওয়ার জন্য মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।